তৃণমূলের একুশে জুলাই নিয়ে কটাক্ষ বিজেপি বিধায়কের
হাসান লস্কর(রাজপুর): মঙ্গলবার রাজপুর বিপত্তারিনী মন্দিরে ছিল উপচে পড়া ভিড়, পুজো দিতে এসে তৃণমূলের ২১ শে জুলাই শহীদ দিবস নিয়ে কটাক্ষ বিধায়ক দেবাশীষ ধরের।
বিপত্তারিনী পুজো উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই রাজপুরের বিপত্তারিনী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। দূরদূরান্ত থেকে বহু মানুষ মায়ের পুজো দিতে আসেন। ভক্তদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে মন্দির চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গোটা এলাকাজুড়ে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। এদিন মন্দিরে পুজো দিতে আসেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক দেবাশীষ ধর। তিনি মায়ের কাছে রাজ্যের শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা জানান। পুজো দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক দেবাশীষ ধর ২১ জুলাইয়ের শহীদ দিবস প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। তার দাবি, শহীদ দিবস পালনের নৈতিক অধিকার তৃণমূলের নেই।এতদিন শহীদ দিবসকে কেন্দ্র করে শুধুই নাটক করা হয়েছে। তিনি আরও বলেন, শহীদ পরিবার যদি চান, তাহলে নতুন করে ঘটনার তদন্ত হতে পারে। এতদিন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই শহীদ দিবস পালন করা হয়েছে।বিধায়কের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।