ওয়াশিংটন : লিওনেল মেসির আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে। তবে এই অর্জন মোটেও ভালোভাবে নিতে পারছেন না জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর এবার স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের কাছে আবেদন জানিয়েছেন, যেন তিনি ফাইনালে মেসি ও আর্জেন্টিনাকে থামান। ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর নিজের ইউটিউব লাইভে স্পিড বলেন, ইয়ামালের কাঁধেই এখন সবচেয়ে বড় দায়িত্ব। তিনি বলেন, “লামিন ইয়ামাল, এই বার্তাটি তোমার জন্য। পুরো মনোযোগ দাও। প্লিজ! ‘পোর ফাভোর’ (দয়া করে), লামিন। ” এরপর রোনাল্ডো-ভক্তদের পক্ষ থেকে ইয়ামালের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি। স্পিড বলেন,‘আমাকে এই বিপর্যয় থেকে বাঁচাও। যদি মেসি আবার বিশ্বকাপ জিতে যায়, তাহলে রোনাল্ডোর ভক্ত হিসেবে আমার আর কিছুই বলার থাকবে না। তাই লামিন ইয়ামাল, এবারের বিশ্বকাপ জিতে আমাদের রোনাল্ডো-ভক্তদের বাঁচাও। এবারের বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর মেসির আর্জেন্টিনা ফাইনালে ওঠায় আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্পিড। কারণ, আর্জেন্টিনা শিরোপা জিতলে মেসির বিশ্বকাপ শিরোপা হবে দুটি, যেখানে রোনাল্ডোর কেরিয়ার শেষ হওয়ার পথে এখনও অধরাই রয়ে গেছে এই ট্রফি।