মাদ্রিদ : ২০১০-এর পর আবার বিশ্বকাপের ফাইনালে উঠে গিয়েছে স্পেন। সে বছর তারা ট্রফি জিতেছিল। এবছরও জিততে মরিয়া। ফ্রান্সকে হারানোর পর সেই কথা জানিয়ে দিলেন কোচ লুই দে লা ফুয়েন্তে। তিনি ২০১০-এর স্মৃতি ফেরাতে চান বলেও বার্তা দিয়েছেন। সেমিফাইনালে জয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৭ ম্যাচে অপরাজিত স্পেন। ইটালির নজির ছুঁয়ে ফেলেছে তারা। প্রথম ইউরোপীয় দল হিসাবে ইউরো কাপ এবং বিশ্বকাপ মিলিয়ে টানা আটটি নকআউট ম্যাচ জিতেছে তারা। ১৬ গোল করে সেমিফাইনাল খেলতে নামা ফ্রান্সকে মঙ্গলবার রাতে একটিও গোল করতে দেননি রদ্রি, আয়মেরিক লাপোর্তেরা। দলকে নিয়ে ফুয়েন্তে বলেছেন, “দলের কাছে একটাই বার্তা রেখেছিলাম, আমরা বিশ্বের সেরা দলের বিরুদ্ধে খেলতে নামছি। কিন্তু ওদেরও বুঝিয়ে দিতে হবে যে ওরা বিশ্বের সেরা দলের বিরুদ্ধে খেলছে।” ফুয়েন্তে আরও বলেছেন, “ফুটবলারেরা দায়বদ্ধতা, একতা এবং নিজেদের প্রতিভা দেখিয়ে দিয়েছে। কঠিন বিষয়কে সহজ করে দেখিয়েছে।
ওদের সেই প্রতিভা এবং খেলার প্রতি সঠিক মানসিকতা রয়েছে। সাজঘরে প্রত্যেককে হাসিখুশি দেখছি। গোটা দেশ আমাদের পাশে আছে। ২০১০-এর সেই মেজাজ ফিরিয়ে আনতে পেরেছি আমরা। যারা ম্যাচে খেলতে পারেনি তারা ম্যাচের পর অনুশীলন করেছে। এতেই দলের চারিত্রিক দৃঢ়তা বোঝা গিয়েছে।” ফুয়েন্তের মতে, স্পেনের সাফল্যের অন্যতম কারণ একই ধরনের মানসিকতা এবং ফুটবলারদের মধ্যে কোনও ‘ইগো’ না থাকা। সকলে একই মানসিকতা নিয়ে চলাতেই সাফল্য এসেছে। ফুয়েন্তের কথায়, “আমার মনে হয়, সঠিক সতীর্থ বেছে নেওয়া খুব দরকার। না হলে সমস্যা তৈরি হতে পারে। আমি জানি যে এই দলে যারা রয়েছে, শুধু ফুটবলারেরা নয়, বাকি সকলে একটা নির্দিষ্ট লক্ষ্যের পিছনে ধাওয়া করছে। প্রত্যেকের একই রকম আগ্রহ রয়েছে। আমরা খুব সাধারণ, দয়ালু মানুষ যারা ব্যক্তিগত স্বার্থের আগে দলের স্বার্থ নিয়ে ভাবি।” ফুয়েন্তের সংযোজন, “এই দলটা সব সময় অবাক করে আমায়। উন্নতির কোনও সীমা নেই। কিন্তু ভালবাসা এবং প্রক্রিয়াই সাফল্যে আসল কারণ। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ জায়গায় সবচেয়ে ভাল ফর্মে আছি আমরা।” ফুয়েন্তের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনির। ফাইনালে আর্জেন্টিনা উঠলে লড়াই জমে যাবে বলে মনে করেন তিনি। ফুয়েন্তে বলেছেন, “আমি কখনওই মনে করি না ফাইনাল সহজে জেতা যায়। ওরাও জিততেই মাঠে নামবে। তবে আর্জেন্টিনা উঠলে সেটা হবে কেকের উপরে চেরির মতো।”