তিন ঘণ্টা অপেক্ষার পর মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন বিবেকানন্দের ছবি ফুল, খুশি মহিলারা
তরুণ তাঁতি(হুগলি):ডানকুনিতে উদ্বোধনের অনুষ্ঠান শেষে কলকাতা ফেরার পথে ডানকুনি জলাপাড়ায় গাড়ি থামালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তাতেই খুশিতে ফেটে পড়লেন ঘণ্টার পর ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকা মহিলারা। বেলা তিনটে থেকে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন তারা। উদ্দেশ্য একটাই মুখ্যমন্ত্রীকে একবার কাছ থেকে দেখা। অনুষ্ঠান শেষ করে কলকাতা ফেরার সময় হঠাৎ ডানকুনি জলাপাড়ায় গাড়ি দাঁড় করান মুখ্যমন্ত্রী। সেই সুযোগে মহিলা কর্মীরা তার হাতে তুলে দেন স্বামী বিবেকানন্দের ছবি ও ফুল। শুভেচ্ছা গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। কর্মীদের সঙ্গে হ্যান্ডশেক করেন, সেলফিও তোলেন।
মমতাজ বেগম মণ্ডল বলেন, দুপুর তিনটে থেকে দাঁড়িয়ে ছিলাম। অনুষ্ঠান শেষ করে তিনি যখন কলকাতা ফিরছিলেন, তখন হঠাৎ দাঁড়িয়ে পড়েন। আমরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। আমাদের সঙ্গে হ্যান্ডশেক করেছে, সেলফি তুলেছেন। মুখ্যমন্ত্রীর হাসিমুখ দেখে আমাদের খুব আনন্দ লাগছে। আমাদের দাঁড়ানোটা সার্থক হয়েছে। উনি দাঁড়াবেন ভাবতে পারিনি, তবে মনে আশা ছিল তিনি আমাদের জন্য কিছুটা সময় দেবেন। আমাদের আশা পূরণ হয়েছে। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য বেলা তিনটে থেকেই দাঁড়িয়েছিলেন শিল্পা দে। তিনি বলেন, আমাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে। দাঁড়িয়ে থাকাটা সার্থক হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে এক প্রকার শিল্প উঠে গেছে। এই সরকার চাইছে আবার শিল্প প্রতিস্থাপন করতে। অনুষ্ঠানের ব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করে দেওয়ায় খুশি ডানকুনির বিজেপি কর্মী-সমর্থকরাও।