এক ঝলক
মুখ্যমন্ত্রীর কাছে পার্ক স্ট্রিটের সেই ফুটপাতবাসী, পেলেন আশ্রয় যাদবপুর ক্যাম্পাসে শান্তি ফেরাতে আবেদন উচ্চশিক্ষামন্ত্রীর ২০ জন এনসিপিআই সাংসদকে নোটিশ সুপ্রিম কোর্টের এসআইআরে নাম বাদ মানে নাগরিকত্ব বাদ যাওয়া নয় : সুপ্রিম কোর্ট সেলের সমন্বয়ে নরাকাস (উপক্রম-২), কলকাতার অর্ধবার্ষিক বৈঠক সম্পন্ন

বাসস্ট্যান্ডের তোলাবাজির অভিযোগ, পলাতক অভিযুক্ত, খোঁজে তল্লাশি

মিলন সাঁতরা (আরামবাগ): বাসস্ট্যান্ডকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত আরামবাগ। অভিযোগের তদন্তে নেমে প্রাক্তন চেয়ারম্যান সমীর ভাণ্ডারীকে গ্রেফতার করতে তার বাড়িতে রাতে পৌঁছায় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতির আগেই তিনি বাড়ি থেকে চলে যান বলে জানা গিয়েছে। এরপর থেকেই তার কোনও হদিশ মিলছে না। সমীর ভাণ্ডারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।‌ অভিযোগ,আরামবাগ বাসস্ট্যান্ডে পার্কিং ও অন্যান্য খাতে বাস মালিকদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করা হত।
Ganamadhyam
26 August, 2026
অভিযোগ তার পরিমাণ মাসে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা পর্যন্ত বলে দাবি উঠেছে। একটি বাসের কাছ থেকে পার্কিং বাবদ ৩২০ টাকা করে নেওয়ার অভিযোগও সামনে এসেছে। এই বিপুল অর্থ আদায়ের প্রক্রিয়ার সঙ্গে কারা যুক্ত, কীভাবে টাকা সংগ্রহ করা হত এবং সেই অর্থ কোথায় যেত—তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বাস মালিকদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাসস্ট্যান্ডকে কেন্দ্র করে টাকা আদায়ের চাপ ছিল। শুধু তোলাবাজির অভিযোগই নয়, টাকা দিতে আপত্তি জানালে বাস মালিক ও কর্মীদের উপর চাপ সৃষ্টি এবং হেনস্থার অভিযোগও উঠেছে। একাধিক বাস মালিকের তরফে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপরই রাতের দিকে সমীর ভাণ্ডারীর বাড়িতে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ যায় বলে সূত্রের খবর। তবে পুলিশের পৌঁছনোর আগেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে তার মোবাইল ফোনও  বন্ধ বলে দাবি। ফলে তার অবস্থান নিয়ে তৈরি হয়েছে রহস্য।এদিকে, সমীর ভাণ্ডারীকে গ্রেফতার করা না যাওয়ায় এলাকায় চাঞ্চল্য আরও বেড়েছে। বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় এখন একটাই প্রশ্ন—কোথায় সমীর ভাণ্ডারী? পুলিশ তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চাপানউতোর। আরামবাগের বিজেপি বিধায়ক বিমান ঘোষের অভিযোগ, দীর্ঘদিন ধরে তোলাবাজি, দুর্নীতি ও দাদাগিরির অভিযোগ সামনে এলেও এতদিন সেভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। তার দাবি, বাস মালিকদের কাছ থেকে টাকা আদায় এবং কর্মীদের উপর হামলার মতো গুরুতর অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তবে সমীর ভাণ্ডারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনও পুলিশের তদন্তাধীন। তার বক্তব্যও এখনও পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলির সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।
ই-পেপার