এক ঝলক
মুখ্যমন্ত্রীর কাছে পার্ক স্ট্রিটের সেই ফুটপাতবাসী, পেলেন আশ্রয় যাদবপুর ক্যাম্পাসে শান্তি ফেরাতে আবেদন উচ্চশিক্ষামন্ত্রীর ২০ জন এনসিপিআই সাংসদকে নোটিশ সুপ্রিম কোর্টের এসআইআরে নাম বাদ মানে নাগরিকত্ব বাদ যাওয়া নয় : সুপ্রিম কোর্ট সেলের সমন্বয়ে নরাকাস (উপক্রম-২), কলকাতার অর্ধবার্ষিক বৈঠক সম্পন্ন

কালভার্ট তৈরি, সংযোগপথ উধাও, দুর্ভোগে কুশলপুর

বিশ্বজিৎ সাহা (মালদহ ):এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল কালভার্ট। কিন্তু কালভার্ট তৈরি হওয়ার প্রায় এক বছর পরেও রাস্তার সঙ্গে তৈরি হয়নি প্রয়োজনীয় সংযোগপথ। কালভার্টের দু’পাশে মাটি ভরাট না করায় তৈরি হয়েছে গভীর গর্ত। সামান্য বৃষ্টিতেই সেই গর্তে জমছে জল ও কাদা। ফলে সরকারি অর্থে নির্মিত পরিকাঠামো থাকলেও তা কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশলপুর গ্রামের।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বছরখানেক আগে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ওই কালভার্টটি নির্মাণ করা হয়। বাসিন্দাদের অভিযোগ, কালভার্ট নির্মাণের পর তার দু’প্রান্তে প্রয়োজনীয় মাটি ফেলে রাস্তার সঙ্গে সমতল করা হয়নি। ফলে রাস্তার তুলনায় কালভার্টটি উঁচু হয়ে থাকায় দুই পাশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির জল জমে সেখানে কাদা তৈরি হওয়ায় যাতায়াত আরও দুর্বিষহ হয়ে উঠেছে।স্থানীয় বাসিন্দা এনামুল হক ও রফিকুল ইসলাম জানান, এই রাস্তা দিয়ে কুশলপুর-সহ আশপাশের তিন-চারটি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। কৃষিজমিতে যাওয়া, মাঠ থেকে ফসল আনা-নেওয়া থেকে শুরু করে কবরস্থান ও শ্মশানে মৃতদেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রেও রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কালভার্ট নির্মাণের পর সংযোগপথের কাজ সম্পূর্ণ না হওয়ায় সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হচ্ছে।বাসিন্দাদের দাবি, সাইকেল বা মোটরবাইক নিয়ে তো দূরের কথা, অনেক সময় পায়ে হেঁটেও কালভার্ট পার হওয়া কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়ে অনেকে জলাশয়ের ধার দিয়ে ঘুরপথে যাতায়াত করছেন। বিশেষ করে বর্ষার সময়ে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। স্থানীয়দের প্রশ্ন, প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণের পরও কেন রাস্তার সঙ্গে সংযোগ তৈরি করা হল না? প্রায় এক বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় কাজ পড়ে থাকার কারণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।দ্রুত কালভার্টের দু’পাশে মাটি ভরাট করে রাস্তার সঙ্গে সমতল সংযোগ তৈরি এবং প্রয়োজনীয় অংশ পাকা করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। তাদের বক্তব্য, শুধু কালভার্ট নির্মাণ করলেই হবে না, সেটিকে মানুষের নিরাপদ ও স্বাভাবিক যাতায়াতের উপযোগী করাও প্রশাসনের দায়িত্ব।
Ganamadhyam
26 August, 2026
ই-পেপার