এক ঝলক

ব্যাঙ্ক ফ্রিজ মামলায় শীর্ষ আদালতে ধাক্কা কালীঘাট তৃণমূলের

নতুন দিল্লি: শীর্ষ আদালতে ফের ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ফের অস্বস্তিতে মমতাপন্থী তৃণমূল। রাজ্য পুলিশের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে এবং ওই অ্যাকাউন্টগুলি ব্যবহারের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিল বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি বি বরালের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখার পাশাপাশি মূল মামলাটির শুনানি দ্রুত শেষ করার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ জানায়, তৃণমূলের প্রতীক ফ্রিজ় করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না আদালত। তার পরেই তৃণমূলের করা মামলাটি খারিজ করে দেন বিচারপতি। শীর্ষ আদালতে তৃণমূলের তরফে সওয়াল করে বলা হয়, প্রতি মাসে দলের প্রায় ১২ কোটি টাকা খরচ হয়। সামনে উপনির্বাচন রয়েছে। ওই টাকা ব্যবহারের অনুমতি দেওয়া হোক। মমতা তৃণমূলের বক্তব্য, সাইবার অপরাধ সংক্রান্ত এফআইআরের ভিত্তিতে দলের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলিতে লেনদেন বন্ধ করা হয়েছে। কিন্তু তার মাধ্যমে কোনও বেআইনি লেনদেনের প্রমাণ নেই। কলকাতার ওই ‘ফ্রিজ' করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি দেওয়া হোক। প্রয়োজনে এ ক্ষেত্রেও বিশেষ অফিসার নিয়োগ করার জন্যেও হাই কোর্টে সওয়াল করেছিল কালীঘাট তৃণমূল। কিন্তু কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেই আর্জি না-মানায় সুপ্রিম কোর্টে যায় তারা। কিন্তু এই মামলায় হাই কোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেতে হল মমতা তৃণমূলকে। প্রসঙ্গত, এর আগে তৃণমূলের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ' করেছিল ইডি। কলকাতা হাই কোর্টে দৈনন্দিন ব্যবহারের জন্য ওই অ্যাকাউন্টগুলির টাকা ব্যবহার করার আর্জি জানিয়েছিল কালীঘাট তৃণমূল। বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চ শর্তসাপেক্ষে ‘ফ্রিজ’ হওয়া সেই অ্যাকাউন্টের টাকা ব্যবহারের অনুমতি দিয়েছিল কালীঘাট শিবিরকে। এই কাজের জন্য এক জন স্পেশ্যাল অফিসার নিয়োগ করে দেওয়া হয়েছিল।তিনিই অ্যাকাউন্ট পরিচালনা করছেন। আদালতের অন্তর্বর্তী নির্দেশে মেনে, স্পেশ্যাল অফিসারের মাধ্যমে ‘ফ্রিজ’ হওয়া অ্যাকাউন্টের টাকা প্রয়োজনে তুলতে হচ্ছে কালীঘাট তৃণমূলকে।
Ganamadhyam
02 October, 2026
ই-পেপার