এক ঝলক

উৎসবের আনন্দে যেন না মেশে চুরির আতঙ্ক, প্রস্তুতিতে বানারহাট পুলিশ

খাদিমুল ইসলাম (বানারহাট): বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। পুজোর কয়েকটা দিন আনন্দ, উৎসব আর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য সারা বছর অপেক্ষা করেন মানুষ। আর এই উৎসবের মরশুমেই যাতে চুরি বা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা সাধারণ মানুষের আনন্দে বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য আগাম প্রস্তুতি শুরু করল বানারহাট থানার পুলিশ। দুর্গোৎসবের আগে বানারহাট ও পার্শ্ববর্তী এলাকায় চুরির ঘটনা রোধ, আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শনিবার বানারহাট থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সচেতনতা বৈঠক। বানারহাট থানার আইসি সুরজ থাপার উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বানারহাট ব্লকের বিভিন্ন পুলিশ আধিকারিকের পাশাপাশি সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকার ব্যাংককর্মী, ব্যবসায়ী সমিতির সদস্য, পুজো কমিটির প্রতিনিধি, জুয়েলারি ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
Ganamadhyam
04 October, 2026
চুরি রুখতে সিসিটিভি-তে জোর, বৈঠকে চুরি রুখতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর ওপর বিশেষ গুরুত্ব দেন আইসি সুরজ থাপা। তার বক্তব্য, বর্তমানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে সিসিটিভি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু ক্যামেরা লাগালেই নিরাপত্তা নিশ্চিত হয় না।একইসঙ্গে এলাকাবাসীকেও সতর্ক ও সজাগ থাকতে হবে। পুজোর সময় বাজার, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং জনবহুল এলাকায় মানুষের ভিড় বাড়ে। সেই কারণে কোথাও সন্দেহজনক গতিবিধি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। ডিজে ও শব্দদূষণ নিয়েও সতর্কতা দুর্গাপুজোর সময় ডিজে, সাউন্ড বক্স ও মাইক ব্যবহারের বিষয়টিও বৈঠকে আলোচনায় আসে। শব্দদূষণ সংক্রান্ত বিধিনিষেধ মেনে উৎসব পালন করার বিষয়ে পুজো কমিটি ও সংশ্লিষ্টদের সচেতন করা হয়।
পুলিশের এই ধরনের আগাম সচেতনতা বৈঠককে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন স্থানীয়রা। কারণ উৎসবের আগে পুলিশ, ব্যবসায়ী, পুজো কমিটি এবং সাধারণ মানুষের মধ্যে সরাসরি সমন্বয় তৈরি হলে যেকোনও সমস্যায় দ্রুত যোগাযোগ ও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে। উৎসবের আনন্দে নিরাপত্তাও গুরুত্বপূর্ণ দুর্গাপুজো শুধু একটি উৎসব নয়, বাঙালির আবেগ ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি বড় সামাজিক উৎসব। সেই উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ যাতে নিরাপদে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন, তার জন্য পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতাই গুরুত্বপূর্ণ। বানারহাট পুলিশের এই আগাম উদ্যোগের মূল বার্তাও যেন একটাই — পুলিশ থাকবে সতর্ক, আর সাধারণ মানুষও থাকুন সচেতন; তাহলেই নিরাপদ পরিবেশে জমে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।
ই-পেপার