মুম্বাই: বন্দে মাতরম্ নিয়ে বিতর্ক তুঙ্গে। এই প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মন্তব্যের বিরুদ্ধে সরব বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রনৌত। শর্মিলার মন্তব্যের বিরোধিতা করে কঙ্গনার অনুরোধ “হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন”। সম্প্রতি বন্দে মাতরম্ ও তার একাধিক স্তবক প্রসঙ্গে যে বিতর্ক চলছে, এক অনুষ্ঠানে তা নিয়ে শর্মিলার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তাঁর মতে, দেশের বহু ধর্মের মানুষকে নিয়ে চলতে হলে গানের প্রথম দু’টি স্তবকই গাওয়া উচিত। শর্মিলার জবাবের বিরোধিতা করে কঙ্গনা বলেন, “শর্মিলাজি যে বন্দে মাতরম্ নিয়ে তাঁর আপত্তির কথা প্রকাশ্যে বলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু একজন শিল্পী হিসাবে শিল্প ও কবিতা সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি এতটা সীমাবদ্ধ ও কৃত্রিম হতে পারে— এটা আমাকে সত্যিই বিস্মিত করেছে।” তাঁর যুক্তি, কবিতা ও গান প্রায়শই রূপক ও কল্পনার আশ্রয় নেয় এবং সেগুলির আক্ষরিক অর্থ সবসময় ধরতে নেই। বন্দে মাতরম্-কে ‘স্বাধীনতা সংগ্রামের চেতনা’ আখ্যা দিয়ে কঙ্গনা বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই রচনা শক্তি, অর্থাৎ অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করার উদ্দেশ্যেই রচিত হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, “এত মহান একটি শিল্পকর্মকে কী ভাবে শুধুমাত্র ধর্মীয় আচারের মধ্যে সীমায়িত করে দেখা যায়?”