মুম্বাই:'১৯৪২: আ লাভ স্টোরি’ ফের শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই আবহেই ছবিটি গীতিকার জাভেদ আখতার ভারতীয় ছবির গানের প্রতি নতুন প্রজন্মের ক্রমবর্ধমান ‘অস্বস্তি’ নিয়ে মুখ খুলেছেন। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির জনপ্রিয় গানের কথা লিখেছিলেন তিনি। তার মতে, পশ্চিমি সিনেমা ও সঙ্গীতের প্রভাবেই ভারতীয় ছবির গানের দীর্ঘদিনের ঐতিহ্যকে ঘিরে নতুন প্রজন্মের মধ্যে এক ধরনের ‘বিব্রতবোধ’ তৈরি হয়েছে। জাভেদ বলেন, এখন যারা পশ্চিমি সিনেমা দেখে ফেলেছেন, তাদের মধ্যে একটা অস্বস্তি আছে। নতুন প্রজন্ম প্রশ্ন করে, ভারতীয় ছবিতে এত গান কোথা থেকে আসে? জাভেদের মতে, বাস্তবসম্মত নয় বলেই ছবির গানকে খারিজ করে দেওয়া উচিত নয়। তার কথায়, সিনেমার দৃশ্যে পার্টিতে দাঁড়িয়ে নায়ক গান গাইছে মানেই একেবারে মেকি দেখতে লাগছে! হতেই পারে, মেকি লাগছে তো কী করা যাবে? শিল্প কি আসল হওয়ার ঠেকা নিয়েছে?