নৈহাটির জেলবন্দি দুই বিজেপি কর্মীর পাশে বিধায়ক সুদীপ্ত দাস
নিজস্ব প্রতিনিধি(ব্যারাকপুর): একটানা ১৮ মাস ধরে জেল খাটছেন নৈহাটির দুই বিজেপি কর্মী বিকাশ সিং এবং মুকেশ কুমার সাউ। তৃণমূল জমানায় নৈহাটিতে একটি খুনের ঘটনায় ওই দু'জন বিজেপি কর্মীর নাম জড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
জেলবন্দি দুই দলীয় কর্মীদের আইনি সাহায্য দিতে সোমবার ব্যারাকপুর আদালতে আসেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। দ্রুত জামিনের জন্য তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, এঁরা বুক চিতিয়ে লড়াই করেছিলেন। এঁদের জন্য আজ আমরা বিধায়ক হয়েছি। এদের পরিবারে রোজগার নেই। পরিবারের সদস্যরা অভুক্ত থাকেন। ছেলে-মেয়েদের পড়াশুনা শিকেয় উঠেছে। তাঁর অভিযোগ, প্রাক্তন বিধায়ক সনৎ দে এবং প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় কর্মীদের ওপর হামলা হয়েছে। বিকাশ সিংয়ের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বিধায়ক জানান, জেলবন্দি দুই কর্মীকে দ্রুত জামিনের ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক অভিভাবক অর্জুন সিং তাকে আদালতে পাঠিয়েছেন এদের আইনি সাহায্য দেবার জন্য। তাছাড়া এঁদের মুক্ত করতে সমস্ত খরচ তিনি বহন করবেন।