শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল
নিজস্ব প্রতিনিধি (শিলিগুড়ি): উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িকে বিশ্বমানের করে তুলতে এক সুদূরপ্রসারী পরিকল্পনার কথা ঘোষণা করেন ,এদিন উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়ি থেকে এই ঐতিহাসিক উন্নয়নের কথা ঘোষনা করেন রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি জানান, শিলিগুড়িকে একটি আধুনিক স্মার্ট শহর তথা ‘হিমালয়ান সিটি' হিসেবে গড়ে তোলা হবে। তাঁর দাবি, এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে পাহাড় ও সমতলের সংযোগকারী এই শহর উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক, পর্যটন ও আধুনিক হাব হিসেবে আরও বহু দূর এগিয়ে যাবে। রবিবার সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সরাসরি সড়কপথে শিলিগুড়ি পুরনিগমে পৌঁছান তিনি। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই এবং প্রশাসকমণ্ডলীর সদস্য আর. বিমলা। এদিন শিলিগুড়ি পুরনিগমে উত্তরবঙ্গের বিভিন্ন পুরনিগমের কমিশনার ও প্রশাসকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে বিশেষ করে নগরোন্নয়ন, পরিচ্ছন্নতা, পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রাফিক নিয়ন্ত্রণসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে । পুরনিগমে আয়োজিত বিশেষ জনসংযোগ কর্মসূচির পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন পুরসভার আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায় রিভিউ মিটিং করেন তিনি। এদিন পুরনিগমে আয়োজিত ওই জনসংযোগ কর্মসূচিতে বসে সরাসরি ফোনের মাধ্যমে শহরের সাধারণ নাগরিকদের কাছ থেকে পুর পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, নিকাশি ব্যবস্থা, পানীয় জল ও অন্যান্য অভিযোগ শোনেন মন্ত্রী। সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া সুনির্দিষ্ট পরামর্শগুলি নোট করে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের অবিলম্বে সমস্যাগুলির দ্রুত সমাধানের কড়া নির্দেশ দেন অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নাগরিক পরিষেবা প্রদানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। জনসংযোগ ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠক শেষে এক সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়ন নিয়ে বেশ কিছু যুগান্তকারী ঘোষণা করেন মন্ত্রী। পুরমন্ত্রী জানান, কোচবিহারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিককে হিল সিটি হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি রাজ্যজুড়ে আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে। নতুন বাসস্ট্যান্ডগুলিতে যাত্রীদের বসার যেমন ব্যবস্থা থাকবে তেমনি জলের ভেন্ডিং মেশিনও বসানো হবে।