এক ঝলক

সকরিগলি-মহারাজপুরে যুদ্ধকালীন তৎপরতায় রেল বাঁধ মেরামত

বিশ্বজিৎ সাহা (মালদহ): গঙ্গার জলের স্রোতে ক্ষতিগ্রস্ত রেল বাঁধ পুনরুদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে পূর্ব রেলের মালদা ডিভিশন। সকরিগলি ও মহারাজপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত রেল বাঁধ মেরামতের কাজ চলছে জোরকদমে। শুক্রবার সেই কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখলেন মালদা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এদিন প্রথমে মালদা টাউন-সাহিবগঞ্জ সেকশনে উইন্ডো ট্রেলিং পরিদর্শন করেন ডিআরএম। এরপর সাহিবগঞ্জ- বারহারওয়া সেকশনে পৌঁছে সকরিগলি- মহারাজপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় চলা বাঁধ মেরামতির কাজ পরিদর্শন করেন তিনি। সেখানে ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলেন ডিআরএম। কাজের অগ্রগতি এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তিনি। রেল সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত বাঁধকে আরও শক্তিশালী করতে নদীর পাড় বরাবর বিশেষ পদ্ধতিতে কাজ করা হচ্ছে। তারের জালের মধ্যে বোল্ডার প্যাক করে তা নদীর পাড়ে বসানো হচ্ছে। এর ফলে জলের তীব্র স্রোতে মাটি ক্ষয়ের প্রবণতা কমানো সম্ভব হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ। পাশাপাশি বাঁধের দুর্বল অংশগুলিতে নজরদারি চালানো হচ্ছে।রেলের তরফে জানানো হয়েছে, দ্রুত কাজ শেষ করতে ২৪ ঘণ্টা শিফটে কাজ করছেন রেলকর্মী ও শ্রমিকরা। কর্মস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কর্মীদের জন্য পানীয় জল, প্রাথমিক চিকিৎসা, মোবাইল চার্জিং এবং মাইকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। নিরাপত্তার জন্য ঘটনাস্থলে মোতায়েন রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ।ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থ অংশের পরিস্থিতি স্বাভাবিক করতে একাধিক পদক্ষেপ করেছে রেল। বাঁধ মেরামতির পাশাপাশি ট্রেন চলাচল ও যাত্রী নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মালদা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রেন চলাচল যত দ্রুত সম্ভব স্বাভাবিক রাখাই এই মুহূর্তে রেলের প্রধান লক্ষ্য। যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শেষ করার চেষ্টা চলছে।
Ganamadhyam
04 October, 2026
ই-পেপার