এক ঝলক
নানা ধরনের অনিয়ম হয়েছে, অনিয়ম রুখতেই অন্নপূর্ণা’য় তথ্য যাচাই : মুখ্যমন্ত্রী কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের ধর্মীয় সমাবেশে পাকিস্তানের গোয়েন্দা, স্বীকারোক্তি ধৃত পাক চরের মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে ৬৫ শতাংশ বকেয়া দেওয়া শেষ, রাজ্যের দাবিতে কর্মী সংগঠনের অসন্তোষ

চ্যাম্পিয়ন্স লিগ ২-এ কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল

নিজস্ব সংবাদদাতা : এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মূলপর্বের গ্রুপবিন্যাস হয়ে গেল। গ্রুপ ডি-তে রয়েছে ইস্টবেঙ্গল। সেখানে আরও তিন দল রয়েছে। তারা প্রত্যেকেই নিজের নিজের দেশের বড় ক্লাব। বেশ কিছু ফুটবলার রয়েছেন, যাঁরা এ বারের বিশ্বকাপেও খেলেছেন। ফলে ইস্টবেঙ্গলের সামনে কঠিন লড়াই। গ্রুপ ডি-তে ইস্টবেঙ্গল ছাড়া রয়েছে জর্ডনের আল হুসেন, ইরাকের আল শোরতা ও ওমানের আল সিব। তিন দলই ভাল। গত মরসুমে জর্ডন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল আল হুসেন। ইরাক স্টার্স লিগে রানার্স হয়েছিল আল শোরতা। আর আল সিব ওমানের লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। ইস্টবেঙ্গলের সামনে সবচেয়ে কঠিন লড়াই হতে চলেছে আল হুসেন ম্যাচ। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে লিয়োনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছে জর্ডন। হারলেও গোল করেছে তারা। জর্ডনের বিশ্বকাপ দলে খেলেছেন আল হুসেনের সাত ফুটবলার। তাঁরা হলেন ইয়াজ়িদ আবুলাইলা, এহসান হাদ্দাদ, সালিম ওবেদ, সাদ আল রোশন, রাজ়াই আয়েদ, মহমৌদ আল মারদি ও মহম্মদ আবু ঘৌস। সেই ফুটবলারদের মুখোমুখি হতে হবে আনোয়ার আলি, রশিদদের। আল শোরতা ম্যাচও খুব একটা সহজ হবে না। এই দলের চার ফুটবলার ইরাকের বিশ্বকাপের দলে ছিলেন। তাঁরা হলেন আহমেদ বাসিল, মানাফ ইউনিস, আহমেদ ইয়াহিয়া ও মুস্তাফা সাদুন। কয়েক দিন আগে যুবভারতীতে কুয়েতের ক্লাব আল আরবিকে ৪-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মূলপর্বে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। সেখানে গ্রুপের তিনটি দলের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে তাদের। ১৫ সেপ্টেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্ব। গ্রুপের ম্যাচগুলি হবে ১৫-১৬ সেপ্টেম্বর, ১৩-১৪ অক্টোবর, ২৭-২৮ অক্টোবর, ৩-৪ নভেম্বর, ২৪-২৫ নভেম্বর ও ৮-৯ ডিসেম্বর। আটটি গ্রুপ থেকে দু’টি করে মোট ১৬টি দল শেষ ষোলোয় উঠবে। ৯ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত হবে সেই পর্ব। ২ থেকে ১৮ মার্চ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল ও ৬ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত হবে সেমিফাইনাল। ফাইনাল হবে ১৫ মে।
Ganamadhyam
19 August, 2026
ই-পেপার