সোমনাথ পাল(গাইঘাটা): বাড়ি থেকে পালিয়েও শেষ রক্ষা হল না। শেষমেশ পুলিশের হাতে গ্রেফতার হল গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ তথা বনগাঁ জেলা তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি নিরুপম রায়।
ধৃতের বিরুদ্ধে কানন রায় নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ রয়েছে। এছাড়াও দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় বেলাগাম তোলাবাজি সহ কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ধৃত তৃণমূল যুব নেতা জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস ঘনিষ্ট বলেই পরিচিত। এতদিন পুলিশ ধৃতের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। রবিবার রাতে অভিযুক্ত নিরুপম কে প্রথমে আটক পরে গ্রেফতার করে পুলিশ। সোমবার আদালতে নিয়ে যাওয়ার পথে অভিযুক্ত তৃণমূল নেতার উদ্দেশ্যে জুতোর মালা নিয়ে গাইঘাটা থানায় হাজির হয় ক্ষিপ্ত এলাকাবাসীরা। উত্তেজিত জনতার হাত থেকে কোনওরকমে রক্ষা করে অভিযুক্ত কে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তাদের অভিযোগ নিরুপম এলাকায় যা অত্যাচার করেছে তার জন্য ওর ফাঁসী হওয়া উচিৎ। তারা বলেন এলাকায় কেউ বিজেপি করলেই তাকে গিয়ে মারধর খুনের হুমকি সহ মিথ্যা কেস দিয়ে থানায় পুড়ে দিত অভিযুক্ত নিরুপম। প্রসঙ্গত, ৪ঠা মে ভোটের ফল ঘোষণার পরই এলাকা ছেড়ে বেপাত্তা হয়ে যায় তৃণমূল নেতা নিরুপম ।এরইমধ্যে গোপনে বাড়ির মালপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র পালানোর ছক কষে সে। ওই ঘটনায় সাত সকালে অভিযুক্ত নিরুপমের বাড়ির সামনে গাড়ি ভরতি মালপত্র আটকে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। এরইমধ্যে এবার সরাসরি অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ফের হেফাজতের আবেদন জানিয়ে সোমবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তুলে দেয় পুলিশ।