ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট স্মিতের প্রশংসায় প্রধানমন্ত্রী
নতুন দিল্লি: দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানটি মাঝ আকাশেই ধ্বংস হয়ে যেতে পারত। কিন্তু ককপিটের মধ্যে সহকর্মীর হাতে আক্রান্ত হয়েও ভারতীয় পাইলট স্মিত মচ্ছর বিমানের রাশ ছাড়েননি। নিরাপদে বিমানটিকে অবতরণ করিয়েছেন। বিশ্বের কাছে এখন ‘হিরো’ ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর।কারণ, ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সাহসিকতায় ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেয়েছেন ১৮০ জন। মাঝআকাশে গুরুতর আহত অবস্থাতেও ওই ভারতীয় ক্যাপ্টেন রুখে দেন ফ্লাইট হাইজ্যাকিং। ভয়ঙ্কর বিপদের মুখে ভারতীয় ক্যাপ্টেনের সাহসিকতায় গর্বিত বিশ্ব। তার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ঘটনাটিকে বুধবারই সন্ত্রাসবাদী হানা বলে দাবি করেছিল ইজরায়েল। তার পর সমাজমাধ্যমে একটি পোস্ট করে পাইলট স্মিতের সাহসিকতার প্রশংসা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রায় একই ভাবে স্মিতের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘ক্যাপ্টেন স্মিত মচ্ছর একজন নায়ক। ভয়ঙ্কর বিপদের মুখে গুরুতর ভাবে জখম হয়েও তিনি অসীম সাহসিকতা দেখিয়েছেন। অন্যদের প্রাণরক্ষার দায়িত্ব থেকে বিচ্যুত হননি। মোদী জানান, স্মিতের সাহসিকতার জন্যই কয়েকশো মানুষ বিপদ থেকে রক্ষা পেয়েছেন। স্মিতের দ্রুত আরোগ্য কামনাও করেছেন মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন, স্মিতের জন্য গোটা দেশ গর্বিত।এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বুধবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, পাইলট খুব খারাপ অবস্থায় ছিলেন। আমার মনে হয় তিনি এখনও খুব খারাপ অবস্থায় আছেন।
আশ্চর্যজনক ভাবে তিনি বিচারবুদ্ধি হারাননি। তিনি একজন নায়ক। তবে যে সহ-পাইলট স্মিতকে কুপিয়েছেন বলে অভিযোগ, তিনি সন্ত্রাসবাদী কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নন ট্রাম্প। আক্রান্ত হয়েও স্মিত কী ভাবে বিমানযাত্রীদের জীবনরক্ষা করেছেন,সংক্ষিপ্ত আকারে তা তুলে ধরেন নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রী লেখেন, ছুরিবিদ্ধ হয়ে গুরুতর ভাবে জখম হওয়া সত্ত্বেও উনি লড়ে গিয়েছিলেন। হামলা আটকানোর চেষ্টা করেন, ককপিটের দরজা খুলে দেন। এর ফলে যাত্রী এবং বিমানকর্মীরা ভিতরে ঢুকে হামলাকারীকে আটকাতে পেরেছিলেন। মাঝ-আকাশে একটা বড় রকমের বিপর্যয় এই ভাবেই এড়ানো সম্ভব হয়েছে। বিমানে থাকা ১৮০ জনের জীবন বাঁচানোর কৃতিত্ব ভারতীয় পাইলটকে দিয়ে নেতানিয়াহু লেখেন, অসাধারণ সাহসিকতার জন্য আমি স্মিত মচ্ছরকে অভিবাদন জানাচ্ছি। ওর দ্রুত আরোগ্য কামনা করছি’। বুধবার সকালে ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানটি চালাচ্ছিলেন স্মিত। অভিযোগ, মাঝ-আকাশে ককপিটের মধ্যেই তার উপর হামলা হয়। স্মিতকে কোপানো হয় ছুরি দিয়ে। তার সহকারী পাইলট এই আক্রমণ করেছেন বলে জানা গিয়েছে। বিমানে উপস্থিত যাত্রী এবং অন্য বিমানকর্মীরা হামলাকারীকে বাধা দেন এবং ক্যাপ্টেনকে উদ্ধার করেন। ১৮০ জন যাত্রী-সহ বিমানটিকে সৌদি আরবের উত্তর-পশ্চিমে, তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। স্মিত আপাতত সৌদির হাসপাতালে চিকিৎসাধীন। সৌদির ভারতীয় দূতাবাসের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, তাবুক শহরেরই একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্মিত। তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এই বিষয়ে পরে সবিস্তার জানাবে ভারতীয় দূতাবাস। জানা গিয়েছে, গুজরাতি বংশোদ্ভূত স্মিত ২০১১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত স্পাইসজেটে বিমান চালিয়েছেন। ১১ বছরের অভিজ্ঞতা নিয়ে দুবাইয়ের সংস্থায় যোগ দেন তিনি। সূত্রের খবর, বোয়িং৭৩৭ বিমানের বিশেষজ্ঞ স্মিত। নিজে বিমান চালানোর পাশাপাশি অন্য পাইলটদের মেন্টরিংয়ের কাজও তিনি করেছেন। ওয়েলিংকর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের বিজনেস অ্যাডমিনস্ট্রেশনের ডিগ্রি রয়েছে তার।