নিজস্ব সংবাদদাতা: সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) আদায় গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। তবে রাজ্যের বৃদ্ধির হার জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ জিএসটি আদায় হয়েছে ৫,৫৪৯ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে এই আদায়ের পরিমাণ ছিল ৫,২২৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরে রাজ্যে জিএসটি আদায় বেড়েছে প্রায় ৬ শতাংশ। অন্যদিকে, একই সময়ে সারা দেশে অভ্যন্তরীণ জিএসটি আদায় বৃদ্ধির হার ১০ শতাংশ। অর্থাৎ জাতীয় গড়ের তুলনায় প্রায় চার শতাংশ কম বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যভিত্তিক পরিসংখ্যানেও বাংলার বৃদ্ধির হার পিছিয়ে রয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী,সেপ্টেম্বরে অসমে অভ্যন্তরীণ জিএসটি আদায় বেড়েছে ৮৮ শতাংশ। উত্তরপ্রদেশ ও তেলেঙ্গানায় বৃদ্ধির হার ১৮ শতাংশ করে। গুজরাতে ১৭ শতাংশ এবং মহারাষ্ট্রে ১৫ শতাংশ বৃদ্ধি হয়েছে।সেই তুলনায় পশ্চিমবঙ্গের ৬ শতাংশ বৃদ্ধি অনেকটাই কম। তবে শুধু অভ্যন্তরীণ জিএসটি নয়, সেপ্টেম্বরে দেশের সামগ্রিক গ্রস জিএসটি সংগ্রহেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। এক বছরে মোট গ্রস জিএসটি সংগ্রহ ১৪.৭ শতাংশ বেড়ে পৌঁছেছে ২ লক্ষ ৩ হাজার ৫২১ কোটি টাকায়। জিএসটি আদায়ের এই পরিসংখ্যান রাজ্যগুলির অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা- বাণিজ্যের পরিমাণ এবং কর সংগ্রহের প্রবণতার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হয়। সেই জায়গায় জাতীয় স্তরে যেখানে অভ্যন্তরীণ জিএসটি আদায়ের বৃদ্ধি ১০ শতাংশ, সেখানে পশ্চিমবঙ্গে ৬ শতাংশ বৃদ্ধি রাজ্যের কর-সংগ্রহের গতির তুলনামূলক চিত্র সামনে আনছে।