চর পিরোজপুর ইকো পার্কের বেহাল দশা,পর্যটনকেন্দ্রটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত
অভিজিৎ মন্ডল (ফারাক্কা): মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বড়শিমুল গ্রাম পঞ্চায়েতের চর পিরোজপুরের ইকো পার্কটি বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে সম্পূর্ণ বেহাল ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিগত তৃণমূল সরকারের আমলে পদ্মা নদীর ধারে মনোরম পরিবেশে পর্যটকদের আকর্ষণ করার জন্য এই পর্যটনকেন্দ্রটি গড়ে তোলা হয়েছিল। কেন্দ্রীয় পর্যটন দপ্তরের পক্ষ থেকে এর জন্য প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল এবং পর্যটকদের থাকার জন্য নদীর তীরে পরপর পাঁচটি কটেজ নির্মাণ করা হয়েছিল।
বর্তমান পরিস্থিতে স্থানীয়দের অভিযোগ কটেজ ও পরিকাঠামোর ধ্বংস বর্তমানে কটেজগুলি সম্পূর্ণ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ভিতরের সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। শৌচাগারগুলি ভাঙাচোরা এবং দুষ্কৃতীরা জানলা- দরজা পর্যন্ত খুলে নিয়ে গেছে। চারদিকে ধূ ধূ মাঠের মধ্যে ঘরগুলি বর্তমানে খোলা অবস্থাতেই পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে সরকারি হস্তক্ষেপে এই পর্যটনকেন্দ্রটির পুনরায় সংস্কার করা হোক এবং স্থায়ী রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক।এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, কেন্দ্রের বরাদ্দ করা অর্থে তৈরি এই পর্যটন কেন্দ্র নির্মাণে বিগত তৃণমূল সরকারের আমলে কোটি কোটি টাকা তছরুপ করা হয়েছে। এই দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।