বিস্ফোরণের পর সিল বিশ্বেশ্বরীর নাগকাজোরা কলিয়ারীর ৩ নম্বর পিট
সার্থক কুমার দে (দুর্গাপুর) : কিছুদিন আগে বিস্ফোরণের জেরে অন্ডালের খান্দরা পঞ্চায়েতের নীলকণ্ঠতলা এলাকায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তদন্তে জানা যায়, ইসিএলের বাঁকোলা এরিয়ার বিশ্বেশ্বরীর নাগকাজোরা কোলিয়ারির ৩ নম্বর পিটের খনি গর্ভে এয়ার ব্লাস্টের ফলেই বিস্ফোরণ ঘটে। পরবর্তীতে সংস্থার বিশেষজ্ঞ দল খনি গর্ভ পরিদর্শন করে সেটিকে বিপজ্জনক বলে রিপোর্ট দেয়। সেই রিপোর্টের ভিত্তিতে রবিবার কোলিয়ারির ৩ নম্বর পিট সিল করে দেওয়া হয়। এর ফলে ওই কোলিয়ারিতে বন্ধ হয়ে গেল কয়লা উৎপাদন। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সেখানে প্রায় ৩৭০ জন স্থায়ী শ্রমিক রয়েছেন। প্রতিদিন প্রায় ১৬০ থেকে ১৮০ টব (প্রতি টবে ১০ টন) কয়লা উৎপাদন হত । খনি গর্ভে মজুত কয়লার পরিমাণ অনুযায়ী আরও ৩০-৪০ বছর কোলিয়ারিটি চলার সম্ভাবনা ছিল বলে জানা যায়।
পিট বন্ধ হওয়ায় শ্রমিকদের আশঙ্কা, উৎপাদন বন্ধ থাকলে তাঁদের অন্য কোলিয়ারিতে বদলি করা হতে পারে ! পাশাপাশি কোলিয়ারি আবাসনে জল, বিদ্যুৎ-সহ বিভিন্ন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে । সিটুর শ্রমিক নেতা আহমেদ খান বলেন, কোলিয়ারিটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে, নাকি সাময়িকভাবে—তা কর্তৃপক্ষকে স্পষ্ট করতে হবে । শ্রমিকদের অন্যত্র বদলি না করা, আবাসনে সমস্ত পরিষেবা চালু রাখা এবং ঠিকা শ্রমিকদের আর্থিক ক্ষতি না হওয়ার বিষয়টি নিশ্চিত করার দাবি জানান তিনি । পাশাপাশি খনি গর্ভে মজুত কয়লার ভবিষ্যৎ নিয়েও কর্তৃপক্ষকে জবাব দিতে হবে বলে দাবি করেন তিনি ।