এক ঝলক

১৫ বছর পর আরামবাগে পুরনো দলীয় কার্যালয় ফিরে পেল কংগ্রেস

মিলন সাঁতরা (আরামবাগ): দীর্ঘ প্রায় ১৫ বছর পর আরামবাগের ব্লক পাড়ায় নিজেদের পুরনো দলীয় কার্যালয় ফিরে পাওয়ার দাবি করলো কংগ্রেস। এই কার্যালয়কে ঘিরে দীর্ঘদিনের রাজনৈতিক দলবদলের ইতিহাস রয়েছে বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। কংগ্রেসের দাবি, ওই কার্যালয়টি তাদের পুরনো দলীয় সম্পত্তি। জমির পর্চাতেও সেটি কংগ্রেসের অফিস ঘর হিসেবে উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে পরবর্তীকালে রাজ্যে তৃণমূল কংগ্রেসের উত্থানের পর কার্যালয়টি তৃণমূলের দখলে চলে যায় বলে অভিযোগ। দীর্ঘ সময় ধরে সেটিই আরামবাগে তৃণমূলের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছে বলে দাবি কংগ্রেসের। ২০২৬ সালে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর ফের ওই কার্যালয় নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে কংগ্রেস। দীর্ঘদিন পর পুরনো অফিস ফিরে পাওয়াকে ঘিরে দলের কর্মী- সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তবে কার্যালয়টি কবে তৈরি হয়েছিল, কীভাবে তা তৃণমূলের দখলে গেল এবং দীর্ঘদিন পর কীভাবে কংগ্রেস ফের সেটি নিজেদের হাতে পেল—এই প্রশ্নগুলিই এখন সামনে। সম্পত্তিটি নিয়ে অতীতে কোনও আইনি জটিলতা বা বিরোধ তৈরি হয়েছিল কি না, তা নিয়েও রয়েছে আলোচনা। এই সমস্ত বিষয় নিয়ে কংগ্রেস নেতা ভবানীপ্রসাদ মণ্ডলের বক্তব্যে উঠে আসে কার্যালয়টির পুরনো ইতিহাস এবং দীর্ঘদিন পর সেটি কংগ্রেসের হাতে ফিরে আসার ঘটনাপ্রবাহ।পুরনো দলীয় কার্যালয় ফিরে পাওয়ার এই ঘটনাকে ঘিরে আরামবাগের রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন করে আলোচনা।
Ganamadhyam
31 August, 2026
ই-পেপার