কলকাতাঃ স্যালাইন চলছে। কিন্তু, মুখে হাসি। গত তিন-চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা রাজেশ শর্মা।অভিনেতার আপ্তসহায়ক জানিয়েছেন, এখন আগের চেয়ে অনেকটাই ভাল আছেন তিনি। এ দিন রাজেশকে দেখতে হাসপাতালে যান ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। অভিনেতার আপ্তসহায়ক বললেন, মাননীয় ক্রীড়ামন্ত্রী এসেছিলেন দাদার সঙ্গে দেখা করতে। বেশ কিছু ক্ষণ কথা হয়েছে। এখন দাদা অনেকটাই সুস্থ আছেন। তিনি যোগ করেন, ‘ফৌজি’ ছবির শুটিং করতে গিয়ে কোনও সমস্যা হয়নি। মাকড়শার কামড় সংক্রান্ত যে তথ্য ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুল।অভিনেতার আপ্তসহায়ক বলেছিলেন, হায়দরাবাদে শুটিং করার সময়ে কোনও কিছু ঘটেনি। আমরা বৃহস্পতিবার কলকাতায় ফিরেছি। রবিবার আচমকাই দাদার পায়ে সংক্রমণ হয়। সবটাই হয়েছে হাই সুগার থেকে। সুগার থাকলে এমনিই সংক্রমণ তাড়াতাড়ি ছড়ায়। পা চুলকোতে গিয়ে সমস্যার সূত্রপাত। যা সমস্যা হওয়ার ত্বকেই হয়েছে। শরীরের ভিতরে কোনও সংক্রমণ ছড়ায়নি। ভুল তথ্যের জেরে সবাই খুবই উদগ্রীব হয়ে পড়েছেন। রাজেশের আপ্তসহায়ক জানিয়েছেন, তিনিই সারাক্ষণ অভিনেতার সঙ্গে থাকেন। তাই হায়দরাবাদে কোনও ভাবেই এমন কোনও সমস্যা তৈরি হয়নি।