মুম্বইঃ বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং তাঁর প্রেমিক শিখর পাহাড়িয়ার প্রেমকাহিনী এখন বলিপাড়ার ওপেন সিক্রেট। সম্পর্কের কথা মুখে সরাসরি স্বীকার না করলেও, জাহ্নবী তাঁর বিভিন্ন ইঙ্গিতে বারবার বুঝিয়ে দেন শিখরের প্রতি তার ভালোবাসা। সম্প্রতি বোন অংশুলা কাপুরের বিয়ের রিসেপশন পার্টিতে আরও একবার তেমন এক কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনামে এলেন শ্রীদেবী-কন্যা। মণীশ মালহোত্রার ডিজ়াইন করা একটি জমকালো সিল্ক শাড়ি এবং স্ট্র্যাপলেস ব্লাউজ়ে জাহ্নবী হয়ে উঠেছিলেন অনন্যা।
অনুষ্ঠান শেষে জাহ্নবী তার ইনস্টাগ্রাম হ্যান্ডল-এ এই সাজের একগুচ্ছ ছবি শেয়ার করেন। আর সেখানেই নেটিজ়েনদের তীক্ষ্ণ নজর এড়ায়নি এক বিশেষ ভালোবাসার উপহার। ভালো করে লক্ষ্য করতেই দেখা যায়, জাহ্নবীর হাতের সুক্ষ্ম ও মিনিমাল মেহেন্দির নকশার মাঝে হিন্দিতে লেখা রয়েছে একটি নাম— ‘শিকু’, যা আসলে শিখর পাহাড়িয়ার ডাকনাম! এই প্রথম নয়, এর আগেও জাহ্নবী অভিনব কায়দায় শিখরের প্রতি প্রেম প্রকাশ করেছেন। ২০২৪ সালে বাবা বনি কাপুরের ‘ময়দান’ সিনেমার স্ক্রিনিংয়ে জাহ্নবী গলায় একটি কাস্টমাইজ়ড হার পরে এসেছিলেন, যাতে ইংরেজিতে লেখা ছিল ‘Shiku’। এ ছাড়া ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে অসাবধানতাবশত জাহ্নবী স্বীকার করে ফেলেছিলেন যে তাঁর ফোনের স্পিড ডায়ালে শিখরের নম্বর সেভ করা থাকে। এ বার বোনের বিয়েতে নিজের হাতের মেহেন্দিতে প্রেমিকের নাম লিখে যেন সম্পর্কে আরও একবার সিলমোহর দিলেন অভিনেত্রী।