প্রদীপ কুন্ডু(কোচবিহার): শিশু মঙ্গল সমিতির নামে আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহকে ছ'দিনের পুলিশ হেফাজত শেষে বুধবার ফের দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তকারী সংস্থা এদিন তাকে আরও পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানালেও, তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা করে আদালত পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আগামী ২৯ জুন তাকে পুনরায় আদালতে তোলা হবে।
সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন জানান, শিশু মঙ্গল সমিতির নামে বেআইনিভাবে অর্থ সংগ্রহ এবং সেই অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় উদয়ন গুহ-সহ মোট ১৪ জনের নাম রয়েছে। তদন্তকারীদের দাবি, সমিতির নামে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হলেও তার যথাযথ হিসাব পাওয়া যায়নি। সেই কারণেই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের উদ্দেশ্যে উদয়ন গুহকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লেখ্য, উদয়ন গুহর বিরুদ্ধে এটি একমাত্র অভিযোগ নয়। এর আগে ‘হাউসিং ফর অল’ প্রকল্পে প্রায় সাড়ে চার কোটি টাকা কাটমানি নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলার তদন্ত চলাকালীনই শিশু মঙ্গল সমিতি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে বলে তদন্তকারী সূত্রের দাবি। ফলে প্রাক্তন মন্ত্রীকে ঘিরে আইনি চাপ আরও বেড়েছে।
এদিন আদালত চত্বরে উদয়ন গুহকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহল ছিল চোখে পড়ার মতো। তবে শুনানির সময় তার শারীরিক অবস্থার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। সেই কারণেই অতিরিক্ত পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর না করে আদালত তাকে আপাতত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এখন তদন্তের পরবর্তী অগ্রগতি এবং ২৯ জুনের শুনানির দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও প্রশাসনিক সূত্রের। ওইদিন মামলার তদন্তে নতুন কোনও তথ্য বা গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে আসে কি না, সেদিকেই তাকিয়ে সকলেই।