সাংগীতিকী মিউজিক কলেজের উদ্যোগে তিন দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত কর্মশালা
নিজস্ব প্রতিনিধি(ধর্মনগর): রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধ চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রসংগীতের প্রতি আগ্রহ ও ভালোবাসা বৃদ্ধি করার লক্ষ্যে সাংগীতিকী মিউজিক কলেজের উদ্যোগে আগামী ১৬ থেকে ১৮ জুলাই, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত কর্মশালা।
কর্মশালাটি ঘিরে ইতিমধ্যেই সংস্কৃতিপ্রেমী মহলে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন শান্তিনিকেতন থেকে আগত সিসিআরটি স্কলারশিপপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের পি-এইচ.ডি. গবেষক প্রলিপ্ত ঘোষ। উনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধ গায়নশৈলী, ভাবপ্রকাশ, উচ্চারণ, সুর ও তাল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। আয়োজকদের মতে, এই কর্মশালা রবীন্দ্রসঙ্গীত শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।তিন দিনের এই কর্মশালার সমাপ্তি উপলক্ষে আগামী ১৯ জুলাই, ২০২৬, সন্ধ্যা ৫টায় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘তোমার সুরের ধারা’। অনুষ্ঠানে কর্মশালার শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি সাংগীতিকী মিউজিক কলেজের ছাত্র-ছাত্রী ও শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।আয়োজকদের বক্তব্য, রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত, দর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে আরও সুসংগঠিতভাবে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধ চর্চা ও পরিবেশনার মানোন্নয়নের ক্ষেত্রেও এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁদের আশা।সাংগীতিকী মিউজিক কলেজের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সকল প্রতিনিধিকে সহযোগিতা ও প্রচারের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে জেলার সকল সংস্কৃতি প্রেমী মানুষকে আগামী ১৯ জুলাই সন্ধ্যা ৫টায় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উপস্থিত থেকে ‘তোমার সুরের ধারা’ অনুষ্ঠান উপভোগ করার আন্তরিক আহ্বান জানানো হয়েছে।আয়োজকদের বিশ্বাস, সঙ্গীতপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মশালা ও সমাপনী অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত চর্চার ক্ষেত্রে এক স্মরণীয় সাংস্কৃতিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হবে।