নদীপথে ওয়াটার ট্যাক্সি চালু করা হবে : পরিবহন মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি(ব্যারাকপুর): লন্ডন কিংবা ভেনিসের আদলে এবার রাজ্যে চালু হবে ওয়াটার ট্যাক্সি। উল্টো রথের দিন শুক্রবার ভাটপাড়ার গোলঘর অধিবাসীবৃন্দের দুর্গা পুজোর খুঁটি পুজোয় অংশ নিয়ে এমনটাই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।
মন্ত্রী জানান, শহরের ট্রাফিক ব্যবস্থার চাপ কমাতে জলথের পরিবর্তন ঘটানো হবে। মেটিয়াব্রুজ থেকে বাবুঘাট, ব্যারাকপুর থেকে বাবুঘাট, দক্ষিণেশ্বর থেকে বেলুড় পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চালু করা হবে। পরিবহণ মন্ত্রী আরও জানান, পুজোর আগে ৫০০ সরকারি ট্যাক্সি রাস্তায় নামবে। তাছাড়া ২০২৭ সালের মার্চে আরও ১০০০ বাস রাস্তায় নামবে। বন্ধ জুটমিল নিয়ে শ্রম মন্ত্রী জানান, কামারহাটির প্রবর্তক এবং জগদ্দলের এ আই চাঁপদানি জুটমিলের ফাইন ইয়ার্ন ইউনিট খুলছে আগামী ২৭ জুলাই থেকে। আরও দু'তিনটি মিল বহুদিন ধরে বন্ধ রয়েছে। সেগুলো খোলার চেষ্টা চলছে। প্রসঙ্গত, গোলঘর অধিবাসীবৃন্দের এবারে এখানকার বিশেষ আকর্ষণ কেদারনাথের আদলে মন্দির। খুঁটি পুজোর অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন পুজো কমিটির দুই সম্পাদক যথাক্রমে রিতেশ সিং ও সুবাই দাস, প্রাক্তন কাউন্সিলর সত্যেন রায়, ভাটপাড়া মন্ডল-২ মহিলা মোর্চার সভানেত্রী ইন্দ্রাণী তেওয়ারি, বিশিষ্ট সমাজসেবী তাপস বিশ্বাস, গৌতম সরকার, অরুণ সিং, রাজু শ্রীবাস্তব প্রমুখ।