সম্প্রতি পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারী দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় আয়োজিত বিজেপির এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি স্থানীয় নেতাদের দাদাগিরি, তোলাবাজি এবং বিভিন্ন বিষয়ে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলে সংযত হওয়ার পরামর্শ দেন। সভায় জিতেন্দ্র তেওয়ারি বলেন, দীর্ঘ ১৫ বছরে তৃণমূল কংগ্রেসের নেতারা যে ধরনের অনৈতিক কাজ করেছে, ক্ষমতায় আসার মাত্র দু'মাসের মধ্যেই বিজেপির কয়েকজন স্থানীয় নেতা সেই একই পথে হাঁটতে শুরু করেছেন। তার অভিযোগ, আগে যেখানে মাসে চারটি ইসিএলের কোয়ার্টার দখলের ঘটনা ঘটত, এখন একদিনেই চারটি কোয়ার্টার দখলের অভিযোগ উঠছে । এমনকি ইসিএল কর্তৃপক্ষ ও পুলিশের কাজেও হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়েও অপ্রয়োজনীয়ভাবে জড়িয়ে পড়ছেন কিছু নেতা। বিধায়ক স্পষ্ট ভাষায় বলেন, এই ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। দলের ভাবমূর্তি নষ্ট করে এমন কোনও আচরণ বরদাস্ত করা হবে না। তিনি সতর্ক করে বলেন, দ্রুত সংযত না হলে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে। জিতেন্দ্র তেওয়ারির এই মন্তব্যকে ঘিরে পাণ্ডবেশ্বরের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ক্ষমতায় আসার পর সংগঠনের স্থানীয় নেতাদের ভূমিকা নিয়ে তার প্রকাশ্য অসন্তোষ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।