মানুষের কথা শুনেই এগিয়ে চলা,সেবা সেতু’তে বর্ধমান দক্ষিণের বিধায়ক
নিজস্ব সংবাদদাতা (বর্ধমান): রবিবার বর্ধমান মিউনিসিপ্যালিটিতে ‘সেবা সেতু অভিযান’-এর কার্যক্রম পরিদর্শন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। এদিন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যা ও অভিযোগের কথা শোনেন এবং সরকারি পরিষেবা ও বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের কাছে কতটা সহজে পৌঁছচ্ছে, তা খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে বিভিন্ন সরকারি পরিষেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতার কথাও জানতে চান তিনি। পরিষেবা পেতে কোনওরকম সমস্যা বা হয়রানির মুখে পড়তে হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন।
পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন। সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ‘সেবা সেতু অভিযান’-এর মাধ্যমে বিভিন্ন পরিষেবা প্রদানের প্রক্রিয়াও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। প্রশাসনিক পরিষেবাকে আরও জনমুখী ও সহজলভ্য করার বিষয়টি নিয়ে আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি।
মৌমিতা বিশ্বাস মিশ্র জানান, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা জানার পাশাপাশি সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে কি না, সেটিও তিনি দেখেছেন। তিনি বলেন, মানুষের পাশে থেকে, মানুষের কথা শুনেই এগিয়ে চলাই আমাদের অঙ্গীকার।সেবা সেতু অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।