অয়ন মন্ডল (মুর্শিদাবাদ): রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে রবিবার বিকেলে রোড শো করলেন প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী। মির্জাপুর আনসারি মোড় থেকে খাগরুপাড়া পর্যন্ত বিভিন্ন এলাকায় রোড শো করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহিল কাফি। খোলা গাড়িতে চেপে একাধিক এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তারা। প্রচারের শেষ দিনে অধীর চৌধুরীর রোড শো ঘিরে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শেষ মুহূর্তের প্রচারে জনসংযোগের পাশাপাশি কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করতেও জোর দেন কংগ্রেস নেতৃত্ব। রেজিনগর উপনির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে কংগ্রেস। একসময় মুর্শিদাবাদে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় ফের নিজেদের রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই শুরু থেকেই প্রচারে জোর দিয়েছে দল। ভোটের ঠিক আগে প্রচারের শেষ লগ্নে অধীর চৌধুরীর রোড শো সেই প্রচারকেই আরও গতি দিল। এখন রেজিনগরের ভোটারদের রায়ে শেষ পর্যন্ত কোন দলের প্রার্থী জয়ী হন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।