আবার বিক্ষোভকারীদের বিরুদ্ধেও পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে।এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলায় সোমবার শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে,ছাত্রবিক্ষোভকে ঢাল বানিয়ে কোনও ‘দুষ্কৃতী’ যেন পার না পেয়ে যায়। কে পড়ুয়া, কে দুষ্কৃতী সেই বিষয়টি সুনিশ্চিৎ করার ওপর জোর দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে যে পুলিশকর্মীদের বিরুদ্ধে ‘অতিসক্রয়’ হয়ে ওঠার অভিযোগ উঠেছে, তাদেরও ছাড় পাওয়া উচিত নয় বলে জানিয়েছে শীর্ষ আদালত। দিল্লি ছাড়িয়ে সারা দেশের ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন রাজ্যে দায়ের হয় এফআইআর। এফআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তাদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র সরকার। তার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর সংক্রান্ত পূর্ববর্তী আদেশ স্পষ্ট করে সুপ্রিম কোর্ট সোমবার জানিয়েছে, ‘রাজ্য সরকারগুলি আইন অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর বন্ধ বা প্রত্যাহার করতে স্বাধীন।’ তবে গুরুতর ও জঘন্য অপরাধে অভিযুক্তকে ছাড় নয়। কেন্দ্রের পক্ষ থেকে এ দিন আদালতে জানানো হয় যে, শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা থেকে তারা সরে আসেনি এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করতে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। শুনানিতে কেন্দ্র স্পষ্ট করে যে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পাশাপাশি তাদের মতে, আন্দোলনের নেতৃত্বে থাকা প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমেও সমাধানের পথ খোঁজা যেতে পারে। গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্র-যুবরা ‘চলো সংসদ’ কর্মসূচির ডাক দিয়েছিলেন। ওই অভিযানে আন্দোলনকারীদের প্রতিহত করতে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছ বলে অভিযোগ। তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন আন্দোলনকারীরা। আবার পুলিশকর্মীদের উপরেও হামলার অভিযোগ উঠেছে। তা নিয়ে পাল্টা মামলা করেছে জখম পুলিশকর্মীদের পরিবার। সোমবার আদালত স্পষ্ট করে দেয়, দুই ধরনের অভিযোগই গুরুত্ব দিয়ে দেখা উচিত। প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্য, কোনও পুলিশকর্মী বাড়াবাড়ি করলে তাকে অযথা আড়াল করা উচিত নয়। আবার ছাত্র বিক্ষোভের আড়ালে কোনও দুষ্কৃতী পার পেয়ে যাচ্ছে,এমনটাও যেন না হয়। নিট প্রশ্ন ফাঁসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ছাড়াও আরও যে যে শর্তে ককরোচ জনতা পর্টি তাদের আন্দোলন প্রত্যাহার করেছিল, তার অন্যতম হল, বিক্ষোভকারীদের উপর থেকে সমস্ত মামলা তুলে নিতে হবে। কিন্তু আন্দোলন উঠে গেলেও সরকার এই শর্ত পুরোপুরি মানছে না বলে অভিযোগ ছিল ককরোচদের। ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দেয়, বিক্ষোভে যুক্ত কোনও ব্যক্তির বিরুদ্ধে অতীত অপরাধের নজির থাকলে তার বিরুদ্ধে মামলা চালানো যেতে পারে। এই নির্দেশের সঙ্গে সহমত হননি আন্দোলনকারীরা। কী ধরনের অপরাধের নজিরকে মামলা চালিয়ে যাওয়ার কারণ হিসেবে গণ্য করা হবে, অথবা অতীতে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল বলেই তিনি এই নির্দেশের আওতায় পড়বেন কিনা, এই প্রশ্ন বিতর্ক তৈরি হয়। বলা হয়, রাজনৈতিক কারণে অনেকের বিরুদ্ধেই ফৌজদারি মামলা দায়ের হয়। দেশের সাংসদদের একটা বড় অংশের বিরুদ্ধেই এমন বহু মামলা রয়েছে। ফলে এই ধরনের ব্যক্তিদের ‘দাগি’ হিসেবে গণ্য করাটা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্নও ওঠে। এই তর্কের ব্যাখ্যা দিয়ে শীর্ষ আদালত এ দিন বলেছে, শুধু গুরুতর এবং জঘন্য অপরাধের অভিযোগকেই এফআইআর না তোলার কারণ হিসেবে গণ্য করা হবে। গত শুনানিতে সুপ্রিম কোর্ট এ-ও বলেছিল, দায়ের হওয়া এফআইআর-এ ভিত্তিতে তদন্ত চালিয়ে যেতে পারে রাজ্যগুলি। আন্দোলনকারীদের আইনজীবী বলেন,এই নির্দেশটি এফআইআর প্রত্যাহারের পথে বাধা হয়ে উঠতে পারে। আদালত জানিয়েছে, রাজ্যগুলি আইন মেনে স্বাধীন ভাবে পদক্ষেপ করার অধিকার আছে। তারা চাইলে আন্দোলনকারীদের উপর থেকে এফআইআর প্রত্যাহার করতে পারে। তবে শর্ত সেই একটাই, সংশ্লিষ্ট আন্দোলনকারীর বিরুদ্ধে অতীতে কোনও গুরুতর বা জঘন্য অপরাধে জড়িত থাকার অভিযোগ থাকা চলবে না। সলিসিটর জেনারেল তুষার মেহতাও আদালতে জানান, পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা রক্ষা করতে কেন্দ্র বদ্ধপরিকর। তবে অতীতে গুরুতর এবং জঘন্য অপরাধের অভিযোগ রয়েছে, এমন প্রায় ২,৭০০ জনের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার করা হবে না।