এক ঝলক

রাস উৎসব উপলক্ষে নবদ্বীপে মুখ্যমন্ত্রীর ঘোষনায় উন্নয়নের আশ্বাস

নিজস্ব সংবাদদাতা: রাস উৎসব উপলক্ষে নবদ্বীপে গিয়ে সেখানকার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার রাসের উদ্বোধনে নবদ্বীপে যান তিনি। শ্রীচৈতন্যদেবের জন্মস্থান মন্দিরে যান মুখ্যমন্ত্রী। সেখানে পুজোও দেন। নবদ্বীপ মুক্তি সূর্য ক্লাবের ভারত মাতা পুজোরও উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। নবদ্বীপে দাঁড়িয়ে অর্ধসমাপ্ত রিসার্চ সেন্টারের কাজে ২ কোটি ও গোশালার জন্য ১ কোটি টাকা বরাদ্দ করার কথা জানান মুখ্যমন্ত্রী। সঙ্গে পরিকাঠামো উন্নয়ন, ঘাট নির্মাণ, লঞ্চ সার্ভিস চালুর কথাও জানান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এই নবদ্বীপে নদী পারাপার করার জন্য স্থায়ী সেতু নির্মাণ হবে। একই সঙ্গে নবদ্বীপে একটি সুসজ্জিত ঘাট তৈরি হবে বলেও জানান তিনি। সেই ঘাটে চালু হবে ফেরি পরিষেবা। অনেক আগেই ওই ঘাট তৈরির কাজ শুরু হয়েছিল। তবে এখনও তা শেষ হয়নি। শুভেন্দু অধিকারী বলেন, একটা তৈরি হয়েছিল। তবে সেটা চলে না। আমি ওই ঘাটের কাজ সম্পূর্ণ ভাবে সুন্দর করে তৈরি করার জন্য ব্যবস্থা করব, সেটা বলে গেলাম। শুভেন্দু অধিকারী জানান, এই নবদ্বীপে স্থায়ী সেতু নির্মিত না হওয়া পর্যন্ত ওই ঘাটে লঞ্চ পরিষেবার উপর ভরসা করতে হবে মানুষকে। সেতু তৈরির পরেও ওই পরিষেবা চালু থাকবে। এই ঘাট এবং ফেরি পরিষেবা চালু হতে আরও দু’মাস সময় লাগবে। মুখ্যমন্ত্রী বলেন, কাজ শেষ হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমি আবার নবদ্বীপে আসব। ফেরি পরিষেবা উদ্বোধন করব। এর পাশাপাশি নবদ্বীপে একটি গবেষণাকেন্দ্রের কাজ শেষ করার কথাও জানান শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রটি তৈরির কাজ শুরু হলেও অর্থের অভাবে থমকে রয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ভক্তদের সাহায্য নিয়ে ওটা তৈরি হচ্ছে। অর্থের অভাবে সেটা অর্ধসমাপ্ত হয়ে আছে। আমি দু’কোটি টাকা বরাদ্দ করলাম। একই সঙ্গে সেখানকার গোশালা সম্প্রসারণের জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গুরুকুল এবং সংস্কৃত টোল তৈরি করার পরিকল্পনার কথা বলে গেলাম। অর্থ কোনও সমস্যা হবে না।তৃণমূল সরকারকে নিশানা‌ করে শুভেন্দু অধিকারী বলেন, বিগত সরকার মহাপ্রভুর জন্মস্থানের দিকে নজর দেয়নি। গত সরকার একটি দেশি মদের দোকান ও আটটি বিদেশি মদের দোকান ছাড়া আর কিছু করেনি। পরিকাঠামো উন্নয়ন এবং সরকারি স্তরে দৃষ্টিপাত হয়নি। একটা ঘাট তৈরি করেছিল শুনলাম সেটাও চলে না, ভাঙা ঘাট। এখানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যতক্ষণ না স্থায়ী ব্রিজ তৈরি হচ্ছে ততদিন এখানে সুসজ্জিত আধুনিক লঞ্চ যাতায়াত করবে। রাসমন্দিরে আয়োজিত কীর্তনে অংশ নেওয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারী শচীমাতা গোশালাতেও যান। পরে নবদ্বীপের গৌরাঙ্গিনী মাতা এবং কুটির পাড়ায় মুক্তি সূর্য ক্লাবের ভারত মাতার পুজোর উদ্বোধন করেন তিনি। দিনের শেষে শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী বড় শ্যামা মায়ের মন্দির দর্শন করেন মুখ্যমন্ত্রী।
Ganamadhyam
23 November, 2026
ই-পেপার