কোলিয়ারিতে কয়লার ট্রাকপিছু ৩ হাজার টাকা তোলাবাজি দাবির অভিযোগ
সার্থক কুমার দে (দুর্গাপুর) : ই-নিলামের মাধ্যমে বরাত পাওয়া কয়লা লোডিংয়ে বাধা দেওয়া এবং টাকা না দেওয়ায় অপারেটরকে মারধরের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ইসিএলের বাঁকোলা এরিয়ার তিলাবুনি কোলিয়ারির। ট্রাকপিছু ১,৫০০ থেকে ৩,০০০ টাকা তোলার দাবিকে কেন্দ্র করেই এই অশান্তি বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রী বাহুবলি মার্চেন্টাইল নামে একটি সংস্থা ই-টেন্ডারের মাধ্যমে তিলাবুনি কোলিয়ারি থেকে কয়লা কেনার বরাত পেয়েছে। গত ২০ নভেম্বর ওই সংস্থার ডিও অপারেটর মহম্মদ কামরোজ ওরফে মহম্মদ রিজু যন্ত্রের সাহায্যে ট্রাকে কয়লা লোডিং করছিলেন। অভিযোগ, সেই সময় বিজয় নামে এক ব্যক্তি ও তার সঙ্গীরা লোডিংয়ে বাধা দেন এবং ট্রাকপিছু ১,৫০০ থেকে ৩,০০০ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় বিজয়-সহ তার সঙ্গীদের বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কামরাজ। পাশাপাশি কয়লা লোডিংয়ের কাজে নিরাপত্তার দাবিও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, একসময় ইসিএলের বিভিন্ন কোলিয়ারিতে ডিওর কয়লা লোডিং ও লিফটিং ঘিরে সিন্ডিকেটের দাপট ছিল বলে অভিযোগ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনের সক্রিয়তায় সেই দাপট অনেকটাই কমলেও তিলাবুনির সাম্প্রতিক ঘটনায় ফের সিন্ডিকেট ও তোলাবাজির অভিযোগ সামনে এল। ঘটনাকে কেন্দ্র করে ডিও ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার দাবিতে শীঘ্রই প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন এক ডিও সংস্থার মালিক। প্রশাসন এই ব্যাপারে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।