এক ঝলক

শামুকতলায় বালি-পাথর মাফিয়াদের দাপট, গ্রেপ্তার এক

মলয় দেবনাথ (আলিপুরদুয়ার): রয়েলটির নামে প্রকাশ্যে কালোবাজারি। শামুকতলায় ট্রাক্টর পিছু ১৮০০ টাকা রয়েলটি কেটে দিনভর চলছে বালি-পাথরের অবৈধ কারবার। প্রশাসনের নাকের ডগায় এই লুঠ চললেও সব জেনেও চুপ প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, শামুকতলায় ট্রাক্টর চালকরা সারাদিনে একটি করে রয়েলটি কাটলেও ডাঙ্গি এবং তুরতুরি এলাকায় কোনও রয়েলটিই কাটা হয় না।পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে বালি-পাথর মাফিয়ারা। অভিযোগ, এর সঙ্গে জড়িত রয়েছে শাসক দলের বেশ কিছু নেতা। তাদের মদতেই এই অবৈধ কারবার ফুলে ফেঁপে উঠেছে। মাঝেমধ্যে পুলিশ লোক দেখানো অভিযান চালিয়ে দু-একজন ট্রাক্টর চালককে গ্রেফতার করে। কিন্তু অনেক সময় পুলিশ ধরার পরেও তড়িঘড়ি অনলাইনের মাধ্যমে রয়েলটি কেটে নেওয়া হয়। ফলে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায় মাফিয়ারা। আরও চাঞ্চল্যকর বিষয়, তুরতুরি নদীর রয়েলটি থাকলেও জয়ন্তী নদীর কোনও রয়েলটি নেই। অথচ দেদার বালি-পাথর তোলা হচ্ছে সেখান থেকেও। রয়েলটির মালিকের বাড়ি আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শিলবাড়ি হাটে। তিনি এ বিষয়ে মুখ খুলতে রাজি নন। রবিবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে পুলিশ একটি ট্রাক্টর আটক করে এবং চালককে গ্রেফতার করে। সূত্রের খবর, মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের খড়িয়া বস্তিতে এক বিজেপি নেতার ছেলে দাপট খাটিয়ে প্রতিনিয়ত এই বালি-পাথরের ব্যবসা চালাচ্ছেন।প্রশ্ন উঠছে, শাসক-বিরোধী সব নেতার ছত্রছায়ায় যদি এভাবে লুঠ চলতে থাকে, তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে কবে?সূত্রের খবর ডাঙ্গী এলাকায় তৃণমূলের শাসনকাল থেকেই বালি পাথরের কারবারের জড়িত ছিলেন তৃণমূলের নেতা। ক্ষমতা পরিবর্তন হওয়ার পর এবার বিজেপির নেতার হাত ধরেই চলছে এই চোরাই বালি পাথরের রমরমা ব্যবসা। ‌
Ganamadhyam
23 November, 2026
ই-পেপার