খাদিমুল ইসলাম (বানারহাট): বনদপ্তরের অভিযানে ট্রাক্টর বাজেয়াপ্ত হওয়ার পরেও থামছে না বালি পাচারের অভিযোগ। ফের জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আংড়াভাসা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডায়না জঙ্গল সংলগ্ন নদী এলাকায় সক্রিয় হয়ে উঠেছে অবৈধ বালির কারবারিরা। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও বনদপ্তরের নজর এড়িয়ে দিনের আলোতেই ডায়না নদীর বুক থেকে ট্রাক্টরে করে বালি তুলে অন্যত্র নিয়ে গিয়ে মজুত করা হচ্ছে। অথচ সংশ্লিষ্ট বালি উত্তোলনের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি ও রয়্যালটি রয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, এর আগে বনদপ্তরের অভিযানে একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়েছিল। কিন্তু সেই অভিযানের রেশ কাটতে না কাটতেই ফের একই এলাকায় বালি উত্তোলন ও পাচারের অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের দাবি, এক-দুটি নয়, একাধিক ট্রাক্টর নামিয়ে নদী থেকে বালি তোলা হচ্ছে। ফলে সরকারি রাজস্বের ক্ষতির পাশাপাশি নদী ও জঙ্গল সংলগ্ন পরিবেশের উপরেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে, রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় বানারহাট থানার পুলিশ। অভিযোগ, পুলিশের গাড়ি দেখতে পেয়েই ট্রাক্টরগুলি জলঢাকা নদীর বেশি জল থাকা অংশ পেরিয়ে অন্যত্র চলে যায়। নদীতে জল বেশি থাকায় পুলিশের গাড়ি নিয়ে অভিযুক্তদের পিছনে পৌঁছনো সম্ভব হয়নি। আর সেই সুযোগেই ফের বালি কারবারিরা পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে দাবি। উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরকালে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বালি পাচার নিয়ে একাধিকবার সতর্কবার্তা দিয়েছেন বলে স্থানীয়দের বক্তব্য। সেই পরিস্থিতিতে প্রশাসনের অভিযানের পরেও কীভাবে একই এলাকায় ফের অবৈধ বালি উত্তোলনের অভিযোগ উঠছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযানের পরেও কেন নিয়মিত নজরদারি হচ্ছে না, কারা এই কারবারের সঙ্গে যুক্ত এবং এর পিছনে কোনও মদত রয়েছে কি না, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসীর বক্তব্য, প্রশাসন যদি নিয়মিত অভিযান চালায় এবং বালি তোলার সঙ্গে যুক্ত ট্রাক্টরগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে এই কারবার বন্ধ করা সম্ভব। দিনের পর দিন নদীর বুক থেকে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই, প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।স্থানীয়দের আরও প্রশ্ন, আগে একটি ট্রাক্টর বাজেয়াপ্ত হওয়ার পরেও কেন নতুন করে অভিযান ও নজরদারি বাড়ানো হচ্ছে না? নাথুয়া রেঞ্জের অন্তর্গত ডায়না নদী ও সংলগ্ন জঙ্গল এলাকায় এভাবে বালি উত্তোলনের অভিযোগ সামনে আসায় বনদপ্তর ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। এখন দেখার, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ বালি উত্তোলনের এই অভিযোগের বিরুদ্ধে প্রশাসন আগামী দিনে কী পদক্ষেপ গ্রহণ করে এবং নদী সংলগ্ন এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানো হয় কি না। সেই দিকে তাকিয়ে সকলে।