এক ঝলক

বন্দুক দেখিয়ে ভিডিও কলে খুনের হুমকি, তোলাবাজির অভিযোগ আকাশ মণ্ডলের বিরুদ্ধে

বিশ্বজিৎ সাহা (মালদহ): এ যেন সিনেমার গল্পকেও হার মানাবে! কখনও বন্দুক উঁচিয়ে ভিডিও কল, কখনও আগ্নেয়াস্ত্র ও কার্তুজের ছবি পাঠিয়ে প্রাণনাশের হুমকি। বাড়ি তৈরি, জমি কেনাবেচা থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্যও নাকি দিতে হয় মোটা অঙ্কের টাকা। এমনই একাধিক গুরুতর অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত পুরাতন মালদার সাহাপুর ও লক্ষ্মী কলোনি এলাকা। অভিযোগের কেন্দ্রে আকাশ মণ্ডল নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে তোলাবাজি, খুন-সহ প্রায় ৫০টি মামলা রয়েছে বলে দাবি অভিযোগকারীদের। যদিও অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সাহাপুর এলাকায় নিজের প্রভাব বিস্তার করে রেখেছেন আকাশ মণ্ডল। কেউ নতুন বাড়ি তৈরি করতে গেলে কিংবা জমি কিনতে বা বিক্রি করতে গেলেও তাঁর অনুমতি নিতে হয়। সেই সঙ্গে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। দাবি মতো টাকা দিতে অস্বীকার করলেই শুরু হয় হুমকি ও ভয় দেখানো। কখনও প্রকাশ্যে, আবার কখনও ভিডিও কল ও এসএমএসের মাধ্যমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী আগ্নেয়াস্ত্র ও কার্তুজের ছবি পাঠিয়েও এলাকায় আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে।এই পরিস্থিতিতে সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হতেও ভয় পাচ্ছেন সাহাপুর ও লক্ষ্মী কলোনির বহু মহিলা। তাদের দাবি, কখন কী বিপদ ঘটে যায়, সেই আশঙ্কায় কার্যত ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।এবার এই অভিযোগ নিয়ে সরাসরি মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন কমল ঘোষ নামে এক ব্যবসায়ী। আকাশ মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে তিনি দাবি করেছেন, তাঁর কাছেও মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছিল। সেই টাকা দিতে অস্বীকার করায় ভিডিও কল ও এসএমএসের মাধ্যমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়া হয়। শুধু তিনি নন, এলাকার বহু মানুষ একই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলেও অভিযোগ তাঁর।ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী জুয়েল মুমু বলেন, "বর্তমান সরকার যখন শেখ শাহজাহানকে জব্দ করতে পেরেছে, সেখানে আকাশ মণ্ডল কোন ছাড়! বন্দুক দেখিয়ে মানুষকে হুমকি দেওয়ার সাহস কোথা থেকে পাচ্ছে? তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার থেকে আইজি—সকলকেই বিষয়টি জানানো হয়েছে। অন্যদিকে, মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, আইন অনুযায়ী আকাশ মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সব মিলিয়ে একাধিক অভিযোগ, ব্যবসায়ীর লিখিত আবেদন এবং মহিলাদের নিরাপত্তার দাবিতে সরগরম পুরাতন মালদা। এখন বাসিন্দাদের একটাই প্রশ্ন, কবে এই আতঙ্কের অবসান হবে? কবে নিশ্চিন্তে বাড়ির বাইরে বের হতে পারবেন সাহাপুর ও লক্ষ্মী কলোনির মানুষ?
Ganamadhyam
23 November, 2026
ই-পেপার