এক ঝলক

আকভানের প্রভাবে বৃষ্টিতে ক্ষয়ক্ষতির রিপোর্ট তলব সব জেলার কাছে

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য প্রভাব এবং টানা বৃষ্টিজনিত পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ শীর্ষ প্রশাসনিক কর্তারা। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির জেরে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী প্রতিটি জেলার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। কোন জেলায় কতটা কৃষিজমি ক্ষতিগ্রস্থ হয়েছে, কোন ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতি কী-সেই তথ্য দ্রুত পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্থ কৃষকদের ১৪৪৪৭ নম্বরে ফোন করে ফসলের ক্ষয়ক্ষতির তথ্য জানাতে বলা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।কৃষি দপ্তর সূত্রে খবর, আবহাওয়ার উন্নতি হলেই মাঠপর্যায়ে সমীক্ষা শুরু হবে। বৈঠকে আইনশৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় পুলিশ-প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রাখার উপরও জোর দেন মুখ্যমন্ত্রী। সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা প্রশাসনকে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কলকাতায় জল জমা এবং বিদ্যুৎ পরিষেবার পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে কলকাতা পুরসভার কমিশনারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রের দাবি, পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তূতি রাখার ব্যাবস্হা নেওয়া হয়েছে।
Ganamadhyam
21 November, 2026
ই-পেপার