বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রাক্তন ও বর্তমান বিধায়কদের ভাতা বৃদ্ধির সম্ভাবনা
নিজস্ব সংবাদদাতা: আগামী ৪ ঠা ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। বিধানসভা সচিবালয় সূত্রে খবর, প্রায় দশ দিন ধরে চলতে পারে এই অধিবেশন। বছর শেষের এই অধিবেশনেই একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করতে পারে রাজ্যের বিজেপি সরকার। স্বাস্থ্য সংক্রান্ত বিল থেকে শুরু করে বর্তমান ও প্রাক্তন বিধায়কদের ভাতা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাব-একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে ঘিরে এবার সরগরম হতে পারে বিধানসভা। ফলে নতুন সরকারের প্রথম বছরের শেষ শীতকালীন অধিবেশন ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই বাড়ছে আগ্রহ।
প্রশাসনিক সূত্রের খবর, এবারের অধিবেশনে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল আনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রাক্তন বিধায়কদের ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমান বিধায়কদের ভাতা সংক্রান্ত বিলও পেশ হতে পারে। যদিও কোন কোন বিল শেষ পর্যন্ত অধিবেশনে পেশ করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সরকারি ঘোষণা জানা যাবে বি এ কমিটির বৈঠকের পরই।
উল্লেখ্য, চলতি বছরের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার তৈরী হওয়ার পর গত ১৫ ই মে প্রথমবার অধিবেশন বসে বিধানসভায়। এরপর বিভিন্ন পর্যায়ে আরও কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ৪ ঠা ডিসেম্বর শুরু হতে চলেছে বছরের শেষ শীতকালীন অধিবেশন।
বিধানসভা সূত্রে আরও জানা গিয়েছে, সরকারের বিভিন্ন নীতি ও প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত একাধিক প্রস্তাব ও বিল নিয়ে আলোচনা হতে পারে। বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি, সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ও অধিবেশনে গুরুত্ব পেতে পারে। শাসক ও বিরোধী- উভয় পক্ষের কাছেই এই অধিবেশন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। একদিকে সরকারের সামনে থাকবে নতুন নীতি ও আইন প্রণয়নের সুযোগ, অন্যদিকে বিরোধীদের কাছে সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলার মঞ্চ। সব মিলিয়ে ৪ ঠা ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিধানসভার শীতকালীন অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল।