ধান কেনায় হয়রানি বন্ধের দাবি জঙ্গলমহল স্বরাজ মোর্চার
স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): সরকারি ধান ক্রয় কেন্দ্রে কৃষকদের হয়রানি বন্ধ, পর্যাপ্ত স্থায়ী ক্রয় কেন্দ্রের পাশাপাশি মোবাইল ক্রয় কেন্দ্র চালু এবং বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির জন্য আর্থিক সহায়তার দাবি জানাল জঙ্গলমহল স্বরাজ মোর্চা (জেএসএম)। চলতি মরশুমে সরকারি ধান ক্রয় ব্যবস্থাকে আরও সহজ ও কৃষকবান্ধব করার দাবিতে শুক্রবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিল সংগঠনটি। ঝাড়গ্রাম জেলা শাসকের মাধ্যমে ওই চিঠি পাঠানো হয়েছে। ঘূর্ণিঝড় ‘আখভান’-এর প্রভাবে বৃষ্টিপাতের জেরে ধান চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কার কথাও চিঠিতে উল্লেখ করেছে সংগঠনটি। জেএসএমের দাবি, কৃষকদের সুবিধা ও প্রয়োজন অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় পর্যাপ্ত স্থায়ী সরকারি ধান ক্রয় কেন্দ্র (সিপিসি) চালু করতে হবে। পাশাপাশি, ধান বিক্রির জন্য কৃষকদের যাতে অতিরিক্ত পরিবহণ খরচ বহন করতে না হয়, সে জন্য অবিলম্বে মোবাইল ক্রয় কেন্দ্র চালুর ব্যবস্থা করতে হবে। বৃষ্টিতে ভিজে যাওয়া বা অতিরিক্ত আর্দ্রতাযুক্ত ধান বিক্রির ক্ষেত্রেও কৃষকদের সমস্যার কথা তুলে ধরেছে সংগঠনটি। তাদের দাবি, যুক্তিসংগত শর্তে ওই ধান সরকারি ক্রয় কেন্দ্রে কেনার ব্যবস্থা করতে হবে। আর্দ্রতা বা গুণগত মানের অজুহাতে ‘ধলতা’ নামে অননুমোদিত ভাবে ধান কেটে নেওয়া বন্ধ করার পাশাপাশি ধান বিক্রির প্রক্রিয়ায় কৃষকদের হয়রানি বন্ধ করতে হবে। এ ছাড়াও ঝাড়গ্রাম-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি যথাযথ ভাবে মূল্যায়ন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানানো হয়েছে।
জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাত বলেন, কৃষকদের পরিশ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করা এবং উৎপাদিত ফসল বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত খরচ ও হয়রানি থেকে তাঁদের রক্ষা করা সরকারের দায়িত্ব। কৃষকদের স্বার্থে রাজ্য সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।