এক ঝলক

তৃণমূল ত্যাগীকেই পঞ্চায়েত উপপ্রধান ঘোষণা বিজেপির, প্রকাশ্যে কোন্দল

উৎপল রায় (ধূপগুড়ি) : তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সদস্যের হাতেই উপপ্রধানের দায়িত্ব।নাম ঘোষণা হতেই দুই গোষ্ঠীর সংঘর্ষ! পরিস্থিতি সামাল দিল পুলিশ। রাজ্যে ক্ষমতার পালাবদলের প্রভাব পড়েছে গ্রাম পঞ্চায়েতের অন্দরেও। তবে ক্ষমতার পরিবর্তনের পরেও যে বিজেপির অন্দরের সমীকরণ পুরোপুরি মেলেনি, তারই ছবি দেখা গেল ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। প্রধান নির্বাচনের পর দীর্ঘ টালবাহানায় আটকে ছিল উপপ্রধান নির্বাচন। অবশেষে শুক্রবার উপপ্রধান নির্বাচিত হতেই প্রকাশ্যে চলে এল বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। এমনকী কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপস্থিতিতেই বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।জানা গিয়েছে, ঝাড় আলতা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৪। এর মধ্যে ১৩টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের দখলে এবং একটি আসনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের তিনজন পঞ্চায়েত সদস্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। ফলে পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসে। বিজেপির একমাত্র নির্বাচিত সদস্য পপি রায়কে গ্রাম পঞ্চায়েতের প্রধান করা হয়। প্রধান নির্বাচন ঘিরেও তৈরি হয়েছিল উত্তেজনা। কড়া নিরাপত্তার মধ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নিয়ে আসা হয়। প্রধান নির্বাচন সম্পন্ন হলেও সেদিন উপপ্রধান নির্বাচন করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিধায়ক ও ধূপগুড়ির বিডিওর উপস্থিতিতেও নির্ধারিত সময়ে উপপ্রধান নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছিল উপ প্রধানের পদ ঘিরে। অবশেষে শুক্রবার দ্বিতীয় দফায় উপপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তিন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে উপপ্রধান হিসেবে নির্বাচিত হন বিকাশ অধিকারী। অর্থাৎ, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা সদস্যের হাতেই তুলে দেওয়া হল উপ প্রধানের দায়িত্ব।কিন্তু উপ প্রধানের নাম ঘোষণা হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির অন্দরেই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা, যা পরে ধস্তাধস্তির আকার নেয়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন থাকলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে পঞ্চায়েত কার্যালয় চত্বরে। এবিষয়ে ধুপগুড়ি পশ্চিম মন্ডল সাধারণ সম্পাদক শিবু রায় দাবি করে বলেন, এটি কোন গোষ্ঠী কোন্দল নয়। তিনি আরো বলেন উপপ্রধান নির্বাচন নিয়ে এরকম কোন ঘটনা ঘটেনি।যদিও এ ব্যাপারে স্থানীয় নেতৃত্ব সূত্রে খবর গ্রাম পঞ্চায়েতের দলের পদাধিকারী এবং পুরাতন কর্মীদের মধ্যে গোষ্ঠী কোন্দলের জেরেই এমন ঘটনা।
Ganamadhyam
21 November, 2026
ই-পেপার