সেতু বসে যাওয়ায় বিচ্ছিন্ন সিমলাপালের বিস্তীর্ণ এলাকা
নিজস্ব সংবাদদাতা (সিমলাপাল): বাঁকুড়ার সিমলাপাল ব্লকের জয়পণ্ডা নদীর উপর পাথরি সেতু বসে যাওয়ায় বিপর্যস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা। দুর্ঘটনার আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে সেতুর উপর দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিকল্প রাস্তার অভাবে চরম সমস্যায় পড়েছেন আশপাশের একাধিক গ্রামের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২২ বছর আগে বাম আমলে নির্মিত হয়েছিল সেতুটি। দীর্ঘদিন ধরে এই সেতুই ছিল এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান ভরসা। বর্তমানে সেতুর বিপজ্জনক অবস্থার কারণে বন্ধ রয়েছে যান চলাচল। ফলে নিত্যযাত্রী, পড়ুয়া, কৃষক ও অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ঘুরপথে যাতায়াত করতে বাড়ছে সময় ও খরচ। ধান কাটার মরশুমে ফসল ঘরে তোলার ক্ষেত্রেও সমস্যার আশঙ্কা করছেন কৃষকরা।
স্থানীয় বাসিন্দা শৈলেন দে বলেন, সেতুর নিচে সম্ভবত গর্ত তৈরি হয়েছিল। সেই গর্ত দিয়ে জল যেতে যেতে এই পরিস্থিতি হয়েছে। তিন-চার বছর আগেও বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু কোনও কাজ হয়নি। এখন ধান ঘরে তোলাও সমস্যার হবে। দ্রুত সেতু সংস্কার ও বিকল্প যাতায়াতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।