ঢাকা: অশান্তি পিছু ছাড়ছে না বাংলাদেশের। বরং ক্রমে দ্রুত এক জায়গা থেকে অন্যত্র ছড়িয়ে পড়ছে হিংসার আগুন। দিকে দিকে চলছে বিক্ষোভ। আর সেই বিক্ষোভকে কেন্দ্র চলছে অশান্তি। সোমবার টুঙ্গিপাড়া- সহ গোপালগঞ্জ জেলার কিছু অঞ্চলে হিংসা ছড়িয়েছিল। বৃহস্পতিবার দেখা যায়, ৬৪টি জেলার মধ্যে অন্তত ১৮টিতে হিংসা ছড়িয়ে পড়েছে। বুধবার গভীর রাতে আগুন ধরানো হয় পূর্বতন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক ভিটেতে। শেষ পাওয়া খবর অনুযায়ী,২৪ ঘণ্টায় অন্তত চার জনের প্রাণ গিয়েছে হিংসায়। ডিসেম্বর মাসেই দেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা। তাঁর আসার দিন এগিয়ে আসতেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। আওয়ামি লিগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। কিন্তু তা উপেক্ষা করেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় মিছিল করছেন আওয়ামি লিগের নেতা- কর্মীরা। বৃহস্পতিবার ধর্মঘটের ডাকও দিয়েছিল আওয়ামি লিগ। তার আগেই নতুন করে হিংসার ঘটনা ঘটে বাংলাদেশে। বৃহস্পতিবার সকালে বিএনপির সংসদ সদস্যের বাড়িতেও হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। অন্য দিকে, গোপালগঞ্জে বিএনপি সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ। জানা গিয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে গুঞ্জনের মাঝে অশান্তি ক্রমশ বাড়ছে বাংলাদেশে।
তার সঙ্গে চলছে পোশাক শ্রমিকদের বিক্ষোভও। তাতেও আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে বলে দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের। হাসিনার দলের কার্যকলাপ রোখার ডাক দিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। বুধবার নড়াইলে এমনই এক বিক্ষোভ মিছিল ঘিরে আওয়ামী লীগের কর্মী- সমর্থকদের সঙ্গে সংঘর্ষে তিন বিএনপি কর্মী নিহত হয়েছেন।তা ছাড়া বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে এক চালকের। ঢাকায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার বিভিন্ন শাখা সংগঠনের ৭১ জন নেতা- কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ জমানার মন্ত্রী নজরুল ইসলাম হিরু। পুলিশ জানিয়েছে, ঢাকা, গোপালগঞ্জ, নড়াইল ও চট্টগ্রামের পাশাপাশি নারায়ণগঞ্জ, মেহেরপুর, পিরোজপুর, নেত্রকোনা, সিলেট, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, হবিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, বরিশাল, নওগাঁ থেকে অশান্তির খবর এসেছে। এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর আমীর তথা জাতীয় সংসদের বিরোধী দলনেতা শফিকুর রহমান রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেককে। চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার তিনতলা ভবনটির নীচের তলার একটি কক্ষে বুধবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগিয়ে দেওয়া হয়। আশপাশে টহলরত পুলিশকর্মীরা আগুন দেখতে পেয়ে বাড়ির ভেতরে ঢুকে তা নিভিয়ে ফেলেন। তবে হামলাকারীদের কাউকে ধরা যায়নি। চট্টগ্রাম পুলিশ জানিয়েছে, ইউনূসের পৈতৃক বাড়ির নীচতলায় কেউ থাকেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোজাম্মেল হক জানিয়েছেন হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অন্য দিকে মজুরি বৃদ্ধির দাবিতে পথে নেমেছেন বাংলাদেশের পোশাকশ্রমিকেরা। বুধবার গাজীপুরে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ সংযোগকারী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের জেরে এ দিনও গাজীপুরে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আরও ৩৯টি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে।বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। বিক্ষোভকারীদের সরাতে মোতায়েন করা হয় বিজিবি-ও। উত্তেজনার মাঝে পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। দফায় দফায় চেষ্টার পরেও বিক্ষোভকারীদের সরাতে না পারলে শেষে কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। তাতে সাময়িক ভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা গেলেও পরে তারা ফের অন্য জায়গায় গিয়ে অবরোধ শুরু করেন।