এক ঝলক

বঙ্গে ঘূর্ণিঝড় আকভান -এর প্রভাবে দুর্যোগ শুরু

নিজস্ব সংবাদদাতা: শক্তি বাড়িয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আজ দুপুরেই পুরীর কাছে তার ল্যান্ডফল হওয়ার কথা।তার প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই দুর্যোগ শুরু হয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান। ইতিমধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই নিম্নচাপটি। উত্তর-উত্তরপশ্চিম দিকে প্রবল শক্তি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি। আর তার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়ে হয়েছে দুর্যোগ। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের আকাশ ছিল মেঘলা। সকালেই শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। বেলা বাড়তেই বৃষ্টির দাপট বাড়তে থাকে। আজ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকভানে’র প্রভাবে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওডিশা উপকূলের মধ্যবর্তী এলাকায় স্থলভাগে আছড়ে পড়তে পারে আকভান। ফলে পূর্ব ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে বাড়ছে উদ্বেগ। আবহাওয়া দফতরের ১৮ নভেম্বর রাতের বুলেটিন অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। রাত সাড়ে ১১টা নাগাদ এর অবস্থান ছিল নরসাপুর থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কলিঙ্গপত্তনম থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ওডিশার পুরী থেকে প্রায় ৬৬০ কিলোমিটার দক্ষিণে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ২০ নভেম্বর শুক্রবার দুপুর নাগাদ নরসাপুর থেকে পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী অঞ্চলে স্থলভাগে প্রবেশ করতে পারে আকভান। উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওডিশা উপকূল সবচেয়ে বেশি প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯ ও ২০ নভেম্বর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ এবং ওডিশার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় অতি প্রবল বৃষ্টিও হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
Ganamadhyam
20 November, 2026
ই-পেপার