নিজস্ব সংবাদদাতা: গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। কলকাতার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তাঁর শরীরে বিষক্রিয়া রয়েছে বলে খবর। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিধায়কের শারীরিক অবস্থার অবনতি হয়।তাকে স্থানান্তরিত করা হয় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে সিসিইউ-তে ভর্তি করানো হয়েছিল রেখা পাত্রকে। কিন্তু চার ঘণ্টা কেটে গেলেও তার শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। এর পরেই বিধায়ককে কলকাতায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সূত্রে খবর, চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে আইটিইউয়ের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন রেখা। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে। শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে। তার খোঁজখবর নিতে সকালে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বিজেপির তরফে ছিলেন অর্চনা দাস মজুমদার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিষক্রিয়ার কোনও প্রমাণ তারা পাননি। খাবার খেয়ে রেখা অসুস্থ হয়ে পড়েন। তার সংশ্লিষ্ট নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন,রেখা পাত্র বসিরহাট হাসপাতালে ছিলেন। যেহেতু উনি বিধায়ক, জন প্রতিনিধি, তাই হাসপাতাল কর্তৃপক্ষ ওকে কলকাতায় পাঠান। মুখ্যমন্ত্রী পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছেন। আমাকে এখানে আসতে বলেছেন তিনিই। রেখা আগের চেয়ে একটু ভাল আছেন। কিন্তু এখনও হাসপাতালেই থাকবেন। বিষক্রিয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, বিষক্রিয়া কিছু এখনও পায়নি। রাতে খাবার খেয়ে উনি অসুস্থ হয়ে পড়েন। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দেখা যাক কী রিপোর্ট আসে। সূত্রের খবর, রাতে যখন বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, রেখার জ্ঞান ছিল না। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাকে।স্যালাইনও চলছিল। সেই অবস্থাতেই তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন রেখা পাত্র।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জ থেকে জিতে বিধায়ক হয়েছেন। জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে কিছু দিন আগে ক্ষোভ উগরে দিয়েছিলেন রেখা। তাকে জেলার অনুষ্ঠানে ডাকা হয় না বলে অভিযোগ করেছিলেন। তার শারীরিক পরিস্থিতি নিয়ে দলের অন্দরে উদ্বেগ রয়েছে। সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন থেকে উত্থান রেখা পাত্রের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তাকে টিকিট দেয় বিজেপি। তবে সেবার বসিরহাটে জিততে পারেননি রেখা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শেষ পর্যন্ত হিঙ্গলগঞ্জ থেকে জয়ী হন তিনি। তবে তাকে টিকিট দেওয়া নিয়ে অসন্তোষ ছিল বিজেপি-র অন্দরে। এমনকি বিধায়ক হওয়ার পরও জেলা নেতৃত্ব সেভাবে গুরুত্ব দেন না বলে অভিযোগ করেছিলেন রেখা পাত্র।